২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড

উদ্বোধনী দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় জিম্বাবুয়ে বিপক্ষে ১০ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 04:25 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনী দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় জিম্বাবুয়ে বিপক্ষে ১০ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ২ বলে ১৬২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ৩ বলে জয়ের লক্ষ্য ১৬৩ রান ছাড়িয়ে ১৬৬ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কেনিয়ার বিপক্ষে ১০ উইকেটের বড় জয় এনে দেয়ার পর নিউজিল্যান্ডের উদ্বোধনী দুই ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও ব্রেন্ডন ম্যাককালম জিম্বাবুয়ের বিপক্ষে করলেন তার পুনরাবৃত্তি। গুপটিল ৮৬ ও ম্যাককালাম ৭৬ রানে অপরাজিত ছিলেন। গুপটিল ১০৮ রানের ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে। অন্যদিকে ম্যাককালাম তার ইনিংসটি সাজান ৯৫ বলে ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে। ছয় বোলার ব্যবহার করেও কোনো উদ্বোধনী জুটি ভাঙ্গতে পারেন নি এলটন চিগুম্বুরা। এর আগে আহমেদোবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৬ ওভার ২ বলে ১৬২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪৪ রান আসে ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে। ৫৭ বলে খেলা তার ইনিংসটি সাজান ৪টি চার দিয়ে। প্রসপার উৎসেয়া করেন ৩৬ রান। গ্রেম ক্রিমারের ব্যাট থেকে আসে ২২ রান। নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ১৫ ওভারের মধ্যে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। সাজঘরে ফিরেন চার্লস কভেন্ট্রি (০), টটেন্ডা টাইবু (৮), ক্রেগ এরভিন (১১), চিগুম্বুরা (১) ও রেগিস চাকবভা (০)। এর মধ্যে শেষ দুজনকে নিজের প্রথম ওভারেই তুলে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। গ্রেগরি ল্যাম্বের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে প্রথম প্রতিরোধ গড়ে তুলেন টেলর। ৮৬ রানে তিনি ফেরার পর ৮৯ রানে ল্যাম্বও (১৮) তাকে অনুসরণ করলে আবার বিপদে পড়ে জিম্বাবুয়ে। ওই অবস্থা থেকে দলকে টেনে তোলার লড়াই শুরু করেন উৎসেয়া। প্রথমে ক্রিমারকে (২২) নিয়ে ৩৩ রানের জুটি ও পরে রে প্রাইসের (১১) ৩৫ রানের জুটি গড়ে দলকে আরো বড় বিপদ থেকে বাঁচান। ১৫৭ রানে প্রাইস সাজঘরে ফেরার পর চালিয়ে খেলতে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে উৎসেয়া সাজঘরে ফিরলে ১৬২ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে ২৯ রানে ৩ উইকেট নেন টিম সাউদি। ২টি করে উইকেট নেন ভেট্টোরি ও কাইল মিলস। এর জন্য ভেট্টোরি দেন ২৫। মিলস ২৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬১২ ঘ.