২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

দ্বিতীয় পর্বে উঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় পর্বে উঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ভারতের কাছে হারে ৮৭ রানে। পরের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে ২৭ রানে। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৭ উইকেটে। পরের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ২১৫ রানে। এর আগে মোট ১৬ বার খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ খেলায়। বাংলাদেশের জয় ৩ খেলায়। এছাড়া ২টি খেলা পরিত্যক্ত হয়। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জেতে বাংলাদেশ। ওই সিরিজের পর এই প্রথম দেখা হচ্ছে দুই দলের। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বাংলাদেশে খেলেছে ২০০২ সালের ৩ ডিসেম্বর। ওই খেলায় দলে ছিলেন ক্রিস গেইল ও রামনরেশ সারোয়ান। দেশের মাটিতে বাংলাদেশ ক্রমশ অদম্য হয়ে উঠছে। ব্যাটসম্যানরা লড়াইয়ের পুঁজি যত ছোটই এনে দিক শেষ পর্যন্ত লড়াই করে দলের বোলাররা। বাংলাদেশের স্পিনারদের নিয়ে যে কোন দল দ্বিতীয়বার ভাবতে বাধ্য। আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান যে কোন সময়ে খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারেন। সুযোগ পেলে নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, এমনকি মোহাম্মদ আশরাফুলও জ্বলে উঠতে পারেন। তাছাড়াও রয়েছেন শফিউল ইসলাম ও রুবেল হোসেন। নতুন কিংবা পুরনো দুই বলেই উইকেট নিতে পারেন তারা। ভারতের বিপক্ষে প্রথম খেলায় এলোমেলো বল করলেও পরের খেলায় দারুণভাবে ফিরে এসেছেন শফিউল। পুরনো বলে রুবেলের সামর্থ্যও প্রমাণিত। বাংলাদেশ দলের যত ভাবনা ব্যাটসম্যানদের নিয়ে। অলরাউন্ডারসহ ৮ ব্যাটসম্যান খেলিয়েও কাজ হচ্ছে না। দারুণ শুরুর পরেও হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলছেন তারা। তামিম ইকবাল শুরু করেও ইনিংস বড় করতে পারছেন না। ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকীর শুরুটা আশা জাগানিয়া হলেও শেষটা ভালো হচ্ছে না। ছোটখাটো ভুল থেকে ব্যাটসম্যানদের বেরিয়ে আসতে হবে। স্পিন সহায়ক পিচে খেলা হলেও ওয়েস্ট ইন্ডিজ তাকিয়ে অছে পেসারদের দিকে। কেমার রোচ নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাট্রিকসহ ৬ উইকেট নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে আগেও খেলেছেন। পেস বলে বাংলাদেশের দুর্বলতার কথা জানা আছে তার। সুলেমান বেন, নিকিতা মিলার বাংলাদেশের ব্যাটসম্যানদেরও ঘুর্ণিজালে আটকে দিতে পারেন। বোলারদের মতো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও আত্মবিশ্বাসী। ক্রিস গেইল, ডেভন স্মিথ, কিরন পোলার্ড যে কোন সময়ে বিধ্বংসী ইনিংস খেলার সামর্থ্য রাখেন। উইকেটে টিকে গেলে শিবনারায়ন চন্দরপাল, সারোয়ানও দলকে এনে দিতে পারেন বড় পুঁজি। তবে সেসব নিয়ে ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটসম্যানদের দাঁড়াতেই না দেয়ার পরিকল্পনা তার। এই পরিকল্পনার উপরেই নির্ভর করছে খেলার ভাগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএনএম/২০৪২ঘ.