ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে নেদারল্যান্ডসকে ২৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় জয়। আর বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ।
মোহালিতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন। হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে ৫ উইকেটে ৩৫১ রান করে তারা।
রান তাড়া করতে গিয়ে ৩৪ ওভার ৫ বলে নেদারল্যান্ডসের পালা গুটিয়ে যায় ১২০ রানে।
ব্যাট হাতে মাঠে নামার পরপর নেদারল্যান্ডসকে চেপে ধরে দক্ষিণ আফ্রিকা। ওয়েসলি বারেসি ছাড়া বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটসম্যান। গড়ে ওঠেনি বড় কোনো জুটিও।
তৃতীয় উইকেটে সবচেয়ে বড় ৩৫ রানের জুটি গড়ে তোলেন বারেসি ও ব্যাস জুইডারেন্ট।
দলীয় ৮৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জেপি ডুমিনির বলে উইকেটের পেছনে ভ্যান উইকের হাতে ধরা পড়ার আগে ৪৪ রান করেন বারেসি। তার ৬৬ বলের ইনিংসে চার রয়েছে ৫টি।
এর আগে ৮১ রানের মাথায় কেভিন পিটারসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে জুইডারেন্ট করেন ১৫।
৮১ থেকে ১২০, এই ৩৯ রানের মধ্যে সাত উইকেট হারায় নেদারল্যান্ডস। বারেসি ছাড়া নেদারল্যান্ডেসের কোনো ব্যাটসম্যান ২০-এর ঘরে যেতে পারেননি। আর পাঁচজন যেতে পারেননি দুই অংকের ঘরে।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ইমরান তাহির ৩ উইকেট নেন ১৯ রানে। দু'টি করে উইকেট নেন জ্যাক ক্যালিস ও রবিন পিটারসন। এ জন্য ক্যালিস দেন ১৯ রান। পিটারসন ২২।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৫১ রানের শক্ত ভিত্তি গড়ে দেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ও অধিনায়ক গ্রায়েম স্মিথ। ২০ রান করে বার্নার্ড লুটসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক।
দলের সঙ্গে আর সাত রান যোগ হতেই বিদায় নেন জ্যাক ক্যলিস।
এরপর আমলাকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেট জুটিতে রান তোলেন তারা ২২১। ধীরে সুস্থে খেলে ১৩০ বলে ১১৩ রান করে সাজঘরে ফেরেন আমলা। তখন দলের রান ছিল ২৭৯। বিশ্বকাপে এটি তার প্রথম শতক। আর একদিনের ক্রিকেটে নবম।
দলের সঙ্গে আর ৪ রান যোগ হতেই থেমে যায় ভিলিয়ার্সের ঝড়। ৯৮ বলে ১৩৪ রান করেন তিনি। তিনি তার ইনিংসটি সাজান ১৩টি চার ও ৪টি ছক্কা দিয়ে। বিশ্বকাপে এটি তার তৃতীয় শতক। এর আগের খেলাতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক হাঁকান তিনি। আর একদিনের ক্রিকেট জীবনে এটি তার ১৪তম শতক।
ভিলিয়ার্সের বিদায়ের পরও ঝড় কিন্তু থামেনি। বরং তার মাত্রা বাড়িয়ে দেন জেপি ডুমিনি। মাত্র ১৫ বলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪০ রান করলে দক্ষিণ আফ্রিকার রান সাড়ে তিন শ' ছাড়িয়ে যায়।
নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে ডয়েস্কেট ৩ উইকেট নেন ৭২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৩ ঘ.
bdnews24