ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অঘটনের শিকার হলো ইংল্যান্ড। কেভিন ও'ব্রায়ানের দ্রুততম শতকের সুবাদে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। তখনো হাতে ছিল ৫ বল।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রতিযোগিতার ১৫তম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩২৭ রান করে ইংল্যান্ড। রান তাড়া করতে গিয়ে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ৩২৮ টপকে ৩২৯ রানে পৌঁছে যায় আয়ারল্যান্ড। বিশ্বকাপে এত রান তাড়া করে কখনো কোনো দল জেতেনি।
এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের ৩১২ রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। তারা করেছিল ৩১৩ রান।
ব্যাট করতে নেমে ১১১ রানের মধ্যে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (০), পল স্টার্লিং (৩২), নিল ও'ব্রায়ান (২৯), এড জয়েস (৩২) ও গ্যারি উইলসনকে (৩) হারানোর পর জয়ের পাল্লা হেলে যায় ইংল্যান্ডের দিকে।
কিন্তু কেভিন ও'ব্রায়ান ব্যাট হাতে মাঠে নামার পর পাল্টে যায় খেলার চিত্র। রীতিমতো ঝড় তোলেন তিনি। আর সেই ঝড়ে স্রেফ উড়ে যান ইংল্যান্ডের বোলাররা। মাত্র ৩০ বলে ৫০ রানে পৌঁছান তিনি ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে। আর ১০০ রানে পৌঁছান মাত্র ৫০ বলে।
অন্য কথায়, পরের ৫০ রান করেন তিনি মাত্র ২০ বলে। ১০০ রান করার পথে সীমানার ওপারে বল পাঠান ১৩ বার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে ৬ বার।
শেষ পর্যন্ত দলীয় ৩১৭ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১১৩ রান করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন কেভিন। ১০০ রান করার পর তিনি অবশ্য তার চার ও ছক্কার সংখ্যা আর বাড়াতে পারেননি।
বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম শতক। এর আগে দ্রুততম শতকের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি শতক হাঁকিয়েছিলেন ৬৬ বলে।
এছাড়া একদিনের ক্রিকেটে কেভিনের শতকটি পঞ্চম দ্রুততম। ৩৭ বলে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড এখনো ধরে রেখেছেন শহিদ আফ্রিদি। কেনিয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে এই শতকটি হাঁকান তিনি।
পাঁচ ব্যাটসম্যানের বিদায়ের পর ষষ্ঠ উইকেট জুটিতে কেভিন ও অ্যালেক্স কুস্যাক দলের সঙ্গে ১৬২ রান যোগ করে খেলায় ফিরিয়ে আনেন আয়ারল্যান্ডকে। বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ উইকেট জুটিতে এত রান আর কখনো ওঠেনি।
দলীয় ২৭৩ রানের মাথায় কুস্যাকও দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। ৫৮ বলে ৪৭ রান করেন তিনি। চার মারেন তিনটি ও ছক্কা একটি।
এই দু'জন ফিরে গেলেও ঝড় কিন্তু থামেনি, বরং চলতেই থাকে।
শেষ পর্যন্ত জন মুনি ৩৩ ও টেন্ট জনস্টোন ৭ রান করে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। মুনির হার না মানা ৩০ বলের ইনিংসে চার রয়েছে ৬টি। আর জনস্টোনের ৪ বলের ইনিংসে চার রয়েছে একটি।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে গ্রায়েম সোয়ান ৩ উইকেট নেন ৪৭। এছাড়া একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও টিম ব্রেসন্যান। এ জন্য অ্যান্ডারসন দেন ৪৯ রান। ব্রেসন্যান ৬৪।
এর আগে ব্যাট করতে নেমেই দ্রুত রান তুলতে থাকেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কেভিন পিটারসেন। মাত্র ১৩ ওভার ৩ বলে ৯১ রানের শক্ত ভিত্তি গড়ে দেন তারা।
স্ট্রাউস ৩৪ রান করে বিদায় নিলেও খেলে যেতে থাকন কেভিন পিটারসেন। ১১১ রানের মাথায় সাজঘরে ফেরার আগে আদায় করে নেন বিশ্বকাপে তার চতুর্থ অর্ধশতক (৫৯)। আর একদিনের ক্রিকেট জীবনের ২২তম।
মাঠে নেমে পরের ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে থাকেন। সেই সঙ্গে নাকাল করতে থাকেন আয়ারল্যান্ডের বোলারদের।
তৃতীয় উইকেট জুটিতে জোনাথন ট্রট ও ইয়ান বেল ১৬৭ রান তুললে ইংল্যান্ডের রান ৩০০-এর কাছাকাছি পৌঁছে যায়। ২৭৮ রানের মাথায় মুনির বলে স্টার্লিংয়ের হাতে ধরা পড়ার আগে বেল করেন ৮১। তিনি তার ইনিংসটি সাজান ছয়টি চার ও একটি ছক্কা দিয়ে। বিশ্বকাপে বেলের এটি তৃতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেট-জীবনের ১৮তম।
দলের সঙ্গে আর দশ রান যোগ হতেই বিদায় নেন ট্রট। ৯২ বলে ৯২ করে মুনির বলে বোল্ড হন তিনি। বিশ্বকাপে ট্রটের এটি দ্বিতীয় অর্ধশতক। একদিনের ক্রিকেট জীবনের অষ্টম। এছাড়া একদিনের খেলায় ১০০০ রানের মাইলফলকও টপকে যান তিনি এই খেলায়।
২৮৮ থেকে ৩২৭, এই ৩৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যান আরো চার ব্যাটসম্যান। তাদের মধ্যে দুই অংকের ঘরে পা রাখেন কেবল পল কলিংউড (১৬)।
শেষ পর্যন্ত গ্রায়েম সোয়ান অপরাজিত থাকেন ৯ রানে।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে মুনি ৪ উইকেট নেন ৬৩ রানে। ৫৮ রানে দুই উইকেট নেন জনস্টোন।
বিশ্বকাপে এর আগে ইংল্যান্ড ৬ উইকেটে হারায় নেদারল্যান্ডসকে। পরের খেলায় টাই করে ভারতের সঙ্গে।
আয়ারল্যান্ডের এটি দ্বিতীয় খেলা। প্রথম খেলায় বাংলাদেশের কাছে হার মানে ২৭ রানে।
দল দু'টির মধ্যে এটি চতুর্থ খেলা। এর আগের তিন খেলাতেই ইংল্যান্ডের কাছে হেরেছে আয়ারল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩৪০ ঘ.
bdnews24