ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ইতিবাচক ক্রিকেট খেলে বিশ্বকাপ জিতবে বলে মনে করেন রিচি রিচার্ডসন।
দল ও বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে বুধবার খোলামেলা কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যানেজার রিচি রিচার্ডসন।
বিশ্বকাপ খরা এবার কাটাতে চান তিনি। বলেছেন, "নিজেদের ক্রিকেটকে মেলে ধরার জন্য বিশ্বকাপ অনেক বড় জায়গা। আমরা প্রথম দু'টি আসরে জিতেছি। এরপর অনেক দিন জেতা হয়নি। এবার বিশ্বকাপ আমাদের চাই।"
কি করে সম্ভব বলেছেন সে কথাও। "বাংলাদেশের বিপক্ষে খেলাটি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ জিততে হলে জয়েরধারা বজায় রাখা খুব জরুরি। খেলোয়াড়রা ক্রমশ নিজেদের ফিরে পাচ্ছে, দলও উন্নতি করছে।"
গ্র"প পর্বের গুরুত্বপূর্ণ খেলায় শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
রিচার্ডসন বলেন, "উইকেট, কন্ডিশন নিয়ে দল মোটেও চিন্তিত নয়। দলের মূল অস্ত্র পেসারদের মধ্যে যথেষ্ট বৈচিত্র্য আছে। তারা যেকোনো উইকেটে ব্যাটসম্যানদের চমকে দেয়ার ক্ষমতা রাখে।"
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বাংলাদেশে খেলেছে ২০০২ সালের ডিসেম্বরে। দলের অনেকেরই বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নেই। তবে এটাকে খুব বড় সমস্যা বলে মনে করেন না তিনি। আশা করছেন জয় নিয়েই ফিরবেন। দলের ব্যাটসম্যান ও বোলারদের উপর অগাধ আস্থা তার।
"আমরা এখানে পর্যাপ্ত অনুশীলন করেছি। মনে হয়না কোনো সমস্যা হবে। ক্রিকেটে এখন সবই সম্ভব। তাই স্পিন সহায়ক উইকেট হলেও আমরা ভালো করবো।"
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
তবে র্যাঙ্কিংয়ের বিষয়টি একদমই গুরুত্ব পাচ্ছে না রিচার্ডসনের কাছ। তিনি বলেন, "র্যাঙ্কিং কোনো বিষয় না। যারা ভালো খেলবে তারাই জিতবে।"
স্বাগতিক দলের বিপক্ষে খেলাকে বাড়তি চাপ হিসেবে দেখছেন তিনি। "মাঠে অনেক দর্শক থাকায় স্বাগতিক দলের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। তবে এ পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিত। মূল বিষয় হচ্ছে নিজের কাজটা ঠিক মত করে যাওয়া ও একটি দল হয়ে খেলা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএনএল/এএনএম/১৯১৩ ঘ.
bdnews24