২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার পরীক্ষার সামনে নেদারল্যান্ডস

শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক পিছিয়ে নেদারল্যান্ডস। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের দুর্দান্ত লড়াই স্বপ্ন দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক পিছিয়ে নেদারল্যান্ডস। তারপরেও ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের দুর্দান্ত লড়াই স্বপ্ন দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় খেলায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাঙ্গালোরে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। দক্ষিণ আফ্রিকা প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতে ৭ উইকেটে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের এটি তৃতীয় খেলা। দলটি প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে হারে ৬ উইকেটে। পরের খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ২১৫ রানে। দুই দল এর আগে দুবার খেলেছে, ১৯৯৬ ও ২০০৭ এর বিশ্বকাপে। দুবারই বিশাল ব্যবধানে হেরেছে নেদারল্যান্ডস। তৃতীয় খেলায়ও ফলাফলের খুব বেশি হেরফের হবে না বলেই মনে হচ্ছে। প্রথম খেলায় ইংল্যান্ডের বাজে ফিল্ডিং ও এলোমেলো বোলিংয়ের সুবিধা নিয়ে নেদারল্যান্ডস ২৯২ রান করলেও পরের খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুড়িয়ে যায় ১১৫ রানে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের একমাত্র খেলায় ২২২ রানে বেঁধে ৪৩ বল হাত রেখে ৭ উইকেটের বড় জয়ে রেখেছে শক্তিমত্তার প্রমাণ রেখেছে দক্ষিণ আফ্রিকা। উপমহাদেশে এবার সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে পেস আক্রমণ দিয়ে ভারতের বিপক্ষে সাফল্য পাওয়ার পর প্রোটিয়াসদের জন্য উপমহাদেশে কৌশল কি হবে সেটা বড় প্রশ্ন ছিলো। প্রথম খেলায় ৩ স্পিনার নিয়ে খেলে ওই প্রশ্নের জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন স্পিনার নিয়ে খেলতে গিয়ে বসানো হয়েছে দারুণ ছন্দে থাকা লনওয়াবো সোতসোবেকে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগ পেস নির্ভর নয়। দলটির বড় শক্তি স্পিনাররা। অভিষিক্ত ইমরান তাহির, জোহান বোথা ও রবিন পিটারসন মিলে দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণকে দিয়েছেন নতুন মাত্রা। সঙ্গে আছেন ডেল স্টেইন ও মর্নে মরকেলের মতো পেসাররা। গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি রয়েছেন দারুণ ছন্দে। আইপিএলে খেলার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার খুব কাজে এসেছে। তবে প্রতিপক্ষ শক্তিশালী বলেই হাল ছেড়ে দিতে রাজি নয় নেদারল্যান্ডস। রায়ান ডাসকেট ও টম কুপারের সামর্থ্য রয়েছে বড় ইনিংস খেলার। সুযোগ পেলে তারা চমকে দিতে পারেন দক্ষিণ আফ্রিকাকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮৩৬ ঘ.