২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোচের হ্যাট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

কেমার রোচের হ্যাট্রিকের ওপর ভর করে নেদারল্যান্ডসকে ২১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ইতিহাসে এটি ষষ্ঠ বড় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেমার রোচের হ্যাট্রিকের ওপর ভর করে নেদারল্যান্ডসকে ২১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ইতিহাসে এটি ষষ্ঠ বড় জয়। নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন। ব্যাট করতে নেমে ক্রিস গেইল, ডেভন স্মিথ ও কিয়েরন পোলার্ডের অর্ধশতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে করে ৩৩০ রান। রান তাড়া করতে গিয়ে রোচের মারাত্মক বোলিংয়ের মুখে ৩১ ওভার ৩ বলে ১১৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোচ ২৭ রানে নেন ৬ উইকেট। এটি বিশ্বকাপ ও একদিনের ক্রিকেট জীবনে তার সেরা বোলিং। খেলার ৩২তম ওভারের প্রথম ৩ বলে পিটার সিলার, বার্নার্ড লুটস ও বারেন্ড ওয়েস্টডিজককে সাজঘরে ফেরত পাঠিয়ে হ্যাট্রিক করেন তিনি। এর মধ্যে প্রথম দুজনকে তিনি এলবিডব্লিউ ও শেষের জনকে বোল্ড করেন। এই বিশ্বকাপে এটি প্রথম হ্যাট্রিক। আর বিশ্বকাপের ইতিহাসে ৬ষ্ঠ। এছাড়া একদিনের ক্রিকেটে ২৮তম হ্যাট্রিক। জেরোম টেলরের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক করলেন তিনি। ব্যাটসম্যানদের উইকেটে আসা ও যাওয়ার মুখে এক প্রান্তে ৫৫ রানে অপরাজিত ছিলেন টম কুপার। তিনি তার ৭২ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। মাত্র ৫৬ রানের মধ্যে ৬ উইকেট হারানোর পর নেদারল্যান্ডসের পালা এক শ' পেরুবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সপ্তম উইকেট জুটিতে কুপার ও মুদাসসর বুখারি ৫৭ রান করলে নেদারল্যান্ডসের পালা ১০০ ছাড়িয়ে যায়। বুখারি করেন ২৪ রান। দলের ৬ ব্যাটসম্যান মাত্র ৩ রান করেন। এর আগে ব্যাট হাতে নেমেই ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথ ও গেইল চড়াও হন নেদারল্যান্ডসের বোলারদের ওপর। অত্যন্ত দ্রুত গতিতে রান তোলেন তারা। সেই সঙ্গে ১৬ ওভার ৩ বলে ১০০ রানের চমৎকার একটি ভিত্তি গড়ে দেন। বার্নার্ড লুটসের বলে উইকেটের পেছনে ওয়েসলি বারেসির হাতে ধরা পড়ার আগে স্মিথ করেন ৫৩। লুটসের নিচু হয়ে যাওয়া বলটি কাট করার চেষ্টা করেন তিনি। কিন্তু তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের হাতে। স্মিথের ৫১ বলের ইনিংসে চার রয়েছে ৯টি। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধশতক। দ্বিতীয় উইকেট জুটিতে গেইল ও ডারেন ব্রাভো দলের সঙ্গে যোগ করেন ৬৮। ১৬৮ রানের মাথায় সিলারের বলে আলেক্সি কারভেজির হাতে ধরা পড়েন ব্রাভো (৩০)। দলীয় ১৯৬ রানের মাথায় ফিরে যান গেইল। টেন ডয়েস্কেটের গুড-লেঙথ বল লং-অফের উপর দিয়ে সীমানা পার করার চেষ্টা করেন তিনি। কিন্তু পারেননি। সীমানার কাছাকাছি ধরা পড়েন কারভেজির হাতে। ৮০ রান করেন তিনি ১১০ বলে। গেইল তার ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছক্কা দিয়ে। স্মিথ, গেইল ও ব্রাভোর বিদায়ের পর মাঠে নেমেই ঝড় তোলেন রামনরেশ সারোয়ান ও পোলার্ড। মূলত এই দু'জনের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের রান তিন শ' ছাড়িয়ে যায়। দলীয় ৩১২ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যাওয়ার আগে মাত্র ২৭ বলে ৬০ রান করেন পোলার্ড। পাঁচটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। এর আগে ২৬১ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সারোয়ান (৪৯)। তার ৪২ বলের ইনিংসে চার রয়েছে সাতটি ও ছক্কা একটি। সারোয়ানের ফিরে যাওয়ার পর আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলেও ঝড় থামেনি। অধিনায়ক ডারেন সামি ৬ বলে ৬, ডেভন টমাস ১৩ বলে ১৩, নিকিতা মিলার ৭ বলে হার না মানা ১১ ও সুলেইমান বেন ১ বলে অপরাজিত ৩ রান করেন। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সিলার ৩ উইকেট নেন ৪৫ রানে। বুখারি ৬৫ রানে নেন ২ উইকেট। ফিরোজ শাহ কোটলায় বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম খেলায় প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩৩০ রান করে। এই মাঠে এত রান আর কোনো দল কখনোই করতে পারেনি। এর আগে ২০০৫ সালে ভারতের বিপক্ষে পাকিস্তান করেছিল ৩০৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২১৫ ঘ.