২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের লক্ষ্য ৩৩১

জেতার জন্য নেদারল্যান্ডসকে ৩৩১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেতার জন্য নেদারল্যান্ডসকে ৩৩১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম খেলায় প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩৩০ রান করে। এই মাঠে এত রান আর কোনো দল কখনোই করতে পারেনি। এর আগে ২০০৫ সালে ভারতের বিপক্ষে পাকিস্তান করেছিল ৩০৩। দুপুরে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেন। মাঠে নেমেই ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন স্মিথ ও ক্রিস গেইল চড়াও হন নেদারল্যান্ডসের বোলারদের ওপর। অত্যন্ত দ্রুত গতিতে রান তোলেন তারা। সেই সঙ্গে ১৬ ওভার ৩ বলে ১০০ রানের চমৎকার একটি ভিত্তি গড়ে দেন। বার্নার্ড লুটসের বলে উইকেটের পেছনে ওয়েসলি বারেসির হাতে ধরা পড়ার আগে স্মিথ করেন ৫৩। বার্নার্ড লুটসের নিচু হয়ে যাওয়া বলটি কাট করার চেষ্টা করেন তিনি। কিন্তু তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের হাতে। স্মিথের ৫১ বলের ইনিংসে চার রয়েছে ৯টি। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় শতক। দ্বিতীয় উইকেট জুটিতে গেইল ও ডারেন ব্রাভো দলের সঙ্গে যোগ করেন ৬৮। ১৬৮ রানের মাথায় পিটার সিলারের বলে আলেক্সি কারভেজির হাতে ধরা পড়েন ব্রাভো (৩০)। দলীয় ১৯৬ রানের মাথায় ফিরে যান গেইল। টেন ডয়েস্কেটের গুড-লেঙথ বল লং-অফের উপর দিয়ে সীমানা পার করার চেষ্টা করেন গেইল। কিন্তু পারেননি। সীমানার কাছাকাছি ধরা পড়েন কারভেজির হাতে। ৮০ রান করেন ১১০ বলে। তিনি তার ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছক্কা দিয়ে। স্মিথ, গেইল ও ব্রাভোর বিদায়ের পর মাঠে নেমেই ঝড় তোলেন রামনরেশ সারোয়ান ও কিয়েরন পোলার্ড। মূলত এই দু'জনের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের রান তিন শ' ছাড়িয়ে যায়। দলীয় ৩১২ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যাওয়ার আগে মাত্র ২৭ বলে ৬০ রান করেন পোলার্ড। পাঁচটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। এর আগে ২৬১ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সারোয়ান (৪৯)। তার ৪২ বলের ইনিংসে চার রয়েছে সাতটি ও ছক্কা একটি। সারোয়ানের ফিরে যাওয়ার পর আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলেও ঝড় থামেনি। অধিনায়ক ডারেন সামি ৬ বলে ৬, ডেভন টমাস ১৩ বলে ১৩, নিকিতা মিলার ৭ বলে হার না মানা ১১ ও সুলেইমান বেন ১ বলে অপরাজিত ৩ রান করেন। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সিলার ৩ উইকেট নেন ৪৫ রানে। বুখারি ৬৫ রানে নেন ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ: ডারেন সামি (অধিনায়ক), ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, কিয়েরন পোলার্ড, রামনরেশ সারোয়ান, ডেভন স্মিথ, সুলেইমান বেন, নিকিতা মিলার, ডেভন থমাস, (উইকেটরক্ষক), কেমার রোচ ও শিবনারায়ন চন্দরপল। নেদারল্যান্ডস: পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি (উইকেটরক্ষক), মুদাসসর বুখারি, টম কুপার, টম ডি গ্রোথ, আলেক্সি কারভেজি, বার্নার্ড লুটস, পিটার সিলার, রায়ান টেস ডয়েস্কেট, বারেন্ড ওয়েস্টডিজক ও বাস জুইডেরেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৪ ঘ.