ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দশম খেলায় শ্রীলঙ্কাকে ২৭৮ রানের জয়ের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। কলম্বোতে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ইউনুস খান ও মিসবাহ উল হকের অর্ধ-শতকের সুবাদে ৬ উইকেটে ২৭৭ রান করে পাকিস্তান।
দলীয় সর্বোচ্চ ৮৩ রান করে মিসবাহ অপরাজিত থাকেন। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধ-শতক।
প্রথমে ব্যাট করতে নেমে থিসারা পেরেরার বলে উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন ১৩ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।
দলীয় ৭৬ রানে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (৩২)।
কামরান আকমল পেরেরাকে উড়িয়ে মারতে গেলে বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় সাঙ্গাকারার হাতে। কামরানের জায়গায় ফেরার আগে উইকেট ভেঙ্গে দেন সাঙ্গাকারা। ৪৪ বল খেলে ৩৯ রান করেন কামরান। দলীয় রান তখন ১০৫।
দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেন ইউনুস খান ও সহ-অধিনায়ক মিসবাহ উল হক। দু'জনে মিলে ১২৩ বলে ১০৮ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন।
হেরাথকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়েন ইউনুস। ৭৬ বল খেলে ৪টি চারের সাহায্যে ৭২ রান করেন তিনি। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় অর্ধ-শতক। আর একদিনের ক্রিকেটে ৪০তম।
১০ রান করে সাজঘরের পথ ধরেন উমর আকমল। মুত্তিয়া মুরালিধরনকে উড়িয়ে মারলে সীমানার কাছে দিলশান তার বলটি তালুবন্দী করেন।
এছাড়া অধিনায়ক শহিদ আফ্রিদি করেন ১৬।
কেনিয়ার বিপক্ষে খেলা দল নিয়েই এই ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান।
শ্রীলঙ্কা দলে দু'টি পরিবর্তন এসেছে। চামারা কাপুগেদারার পরিবর্তে খেলছেন চামারা সিলভা। আর অজান্তা মেন্ডিসের বদলে খেলছেন রঙ্গনা হেরাথ। চোট াকায় এই ম্যাচেও মাঠে নামানো হয়নি লাসি মালিঙ্গাকে।
এখন পর্যন্ত ১২১টি একদিনের খেলায় মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। জয়ের পাল্লা পাকিস্তানের দিকেই ভারী। ৭০টি খেলায় পাকিস্তান জিতেছে। শ্রীলঙ্কা জিতেছে ৪৬টিতে। টাই হয় একটি ম্যাচ। তিনটি খেলা পরিত্যাক্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪১ ঘ.
bdnews24