ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোরা ডটকম)- যেভাবে জেতা উচিত ছিল, সেভাবে হয়তো হয়নি। তারপরও এ জয়ই বা কম কিসে।
শুক্রবার বাংলাদেশের এ কষ্টের জয়টি এসেছে বোলারদের কল্যাণে। স্পিনাররা শুরু করেছেন, শেষ করেছেন পেসার শফিউল ইসলাম।
এ ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল শফিউলের বোলিংয়ের তৃতীয় স্পেল। ওই সময় তিনি ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের দুয়ারে পৌঁছে দিয়েছেন। আর মোহাম্মদ আশরাফুল বল হাতে এনে দিয়েছেন ব্রেক থ্রু।
বাংলাদেশ ২০৫ রান করলেও আমার বিশ্বাস ছিল, স্পিনাররা ভালো করলে জয় হবেই। শেষ পর্যন্ত তাই হয়েছে।
তামিম ইশবালের নেওয়া ক্যাচটিও ছিল অসাধারণ। আয়ারল্যান্ডের সেরা ব্যাটসম্যান নিল ও'ব্রায়ানকে ক্যাচ নিয়ে তিনি বোলারদের কাজ সহজ করে দিয়েছেন।
তবে ব্যাটসম্যানরা যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তা ছিল অমার্জনীয়।
তাদের একের পর এক আউট হওয়ার পেছনে পিচকে দোষ দেয়া যাবে না। কারণ তামিম ইকবাল যেভাবে বাংলাদেশের ইনিংসের শুরুটা করেছিলেন- তাতে মনে হচ্ছিল বড় স্কোর করা খুবই সম্ভব।
আমার মনে হয়েছে, ব্যাটসম্যানরা অনেক বেশি চাপ নিয়ে খেলেছে। 'ভালো করতেই হবে' এমন একটা তাড়না নিয়ে মাঠে গেছে তারা। আর শেষ পর্যন্ত সেটাই তাদের কাল হয়েছে।
নিজেদের স্বাভাবিক খেলাটা খেললে এমন বিপর্যয় নেমে আসতো না বলেই আমার বিশ্বাস।
মূলত মিডেল অর্ডার ব্যাটসম্যানরাই সবচে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা একটু দেখেশুনে খেললেই বাংলাদেশের রান আড়াইশ ছাড়িয়ে যেতে পারতো।
বিশেষ করে, রকিবুল হাসান ও মুশফিকুর রহিম যখন ব্যাট করছিলেন, তখনও আমার মনে হয়েছে একটা ফাইটিং টার্গেট দাঁড় করানো সম্ভব।
তারপরও শেষ পর্যন্ত জয় এসেছে। এখন কাজ হচ্ছে, এ ম্যাচের ভুলগুলো শুধরে পরের ম্যাচে ভালো করা। কারণ ব্যাটসম্যানরা ভালো করতে পারলে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যায়।
এখন বাংলাদেশকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এর সঙ্গে কোনো একটি দলের সঙ্গে ঘটাতে হবে অঘটন। তাহলেই হয়তো কোয়ার্টার ফাইনালে খেলা সম্ভব।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ম্যাচ
নিউজিল্যান্ড যে শুক্রবার অস্ট্রেলিয়ার সঙ্গে কুলিয়ে উঠাতে পারেনি, তার কারণ হলো- অজি পেসাররা আগেই তাদের ব্যাটিংরেয় কোমরটা ভেঙে দিয়েছে।
ম্যাককালাম ও ড্যানিয়েল ভেট্টোরি ভালো ব্যাট করলেও নিউজিল্যান্ডের টপ অর্ডার খারাপ করায় তারা বড় টার্গেট দিতে পারেনি অস্ট্রেলিয়াকে।
আর এতো অল্প টার্গেট দিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জয়ের আশা করা কঠিন। বাস্তবে হয়েছেও তাই।
অস্ট্রেলিয়ার বোলিংয়ে শক্তির জায়গাটা হচ্ছে পেস আক্রমণ। মিশেল জনসন, ব্রেট লি ও শন টেইট যদি যদি স্বরূপে থাকেন, তাহলে ব্যাটসম্যানদের কাজটা কঠিন হয়ে যায়।
মিশেল জনসন ৩৩ রানে ৪ উইকেট নিয়েই নিউজিল্যান্ডের সব আশা চুরমার করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২২৫৩ ঘ.
bdnews24