ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপক্ষ দলটি আয়ারল্যান্ড, তারপরও দেশের জয়ে শুক্রবার রাতে বাঁধবাঙা উল্লাসে মাতলো বাংলার মানুষ।
দেশের মাটিতে প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে দেবাবাসীর 'টেনশন' বাড়িয়ে দিয়েছিল টাইগাররা। শুক্রবার মিরপুরের শে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ২০৫ রানেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার পর আশা-নিরাশার দোলায় দুলতে শুরু করেছিল পুরো দেশ।
তবে শেষ পর্যন্ত ২৭ রানে জয়ের মধ্যে দিয়ে গত বিশ্বকাপে হারের প্রতিশোধ নিয়েছে টাইগাররা।
আয়ারল্যান্ডের শেষ উইকেটটির পতনের সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে ক্রিকেটপ্রেমী নগরবাসী। ছোট ছোট মিছিল নিয়ে অলি গলি রাজপথে শুরু হয় তাদের জয়োল্লাস। 'বাংলাদেশ, বাংলাদেশ' শ্লোগানে মাতোয়ারা হয়ে ওঠে রাতের ঢাকা।
খেলা শেষে বেরিয়ে আসা আনন্দিত দর্শকদের স্রোতে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনের রাস্তাটি যেন জনসমুদ্রে পরিণত হয়। ভুভুজেলা বাজিয়ে, শ্লোগান শ্লোগানে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে থাকে ক্রিকেটপ্রেমীরা। এ সময় তাদের তাদের কপালে বাঁধা ছিল দেশের পতাকা। হাতেও উড়ছিল লাল-সবুজ।
রাত সাড়ে ১০টার দিকে বিজয় সরণি থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কজুড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজার হাজার মানুষকে। মিরপুর থেকে টাইগাররা এ পথ দিয়েই ফিরবে। তাদের অভিনন্দন জানাতেই রাস্তার দুই পাশে জড়ো হয়েছিল আনন্দমুখর জনতা।
কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফিরবেন কোন পথে! আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর গোলচক্কর আর ১০ নম্বর থেকে ১ নম্বর হয়ে আনসার ক্যাম্প পর্যন্ত পুরো রাস্তাই তো তখন জনগণের দখলে। 'বাংলাদেশ, বাংলাদেশ' শ্লোগান আর বিজয় বাঁশির শব্দে কান ঝালাপালা। এতো মানুষের ভিড়ে গাড়ি চলতে পারছে না, তাই বাস থেকে নেমে এসে বাড়ির পথের যাত্রীরাও যোগ দিচ্ছেন মিছিলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ো টিএসসি চত্বরের চারপাশে চারটি বড় পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড খেলা দেখনো হচ্ছিল। সেখানে সন্ধ্যা থেকেই উৎসবের জন্য প্রস্তুত হয়ে ছিলেন কয়েক হাজার ক্রিকেটপাগল। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হল ও আশেপাশের এলাকা থেকে মিছিল করে মানুষ এসে জড়ো হয় টিএসসিতে। স্লোগানে মুখরিত টিএসসিতে নেচেগেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মাহমুদুল হাসান বলেন, "খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন গর্জে উঠলো পুরো ক্যাম্পাস। থালা-বাটি-চামচ নিয়ে স্রোতের মতো ছাত্ররা বেরিয়ে এসেছে। ক্যাম্পাস জুড়ে এখন শুধুই আনন্দ।"
একই বিভাগের ছাত্র মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। সুকান্তের এই লাইনটি ছাড়া আমার কিছু বলার নেই।"
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী চাঁদনি বলেন, "দোয়া করি, পরের খেলাগুলোতেও যেন বাংলাদেশ ভলো করে।"
টিএসসির দেওয়ালে বসে কাঁদছিলেন দোদুল নামের এক ছাত্রী। তার কান্নার কারণ জানতে চাইলে বন্ধুরা বলেন, খেলার শেষ ২০ ওভারে দোদুল কোনো কথা বলেনি। উইকেট পড়লেও সে একটি বারের জন্যও চিৎকার করেনি। শুধু দোয়া পরছিল। বাংলাদেশ দলের জয় নিশ্চিত হওয়ার পর থেকেই শুরু হলো কান্না।
যাত্রাবাড়ীর রাস্তায় বিজয় মিছিল থেকে বেরিয়ে এসে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী নাজিমউদ্দিন (৩০) বললেন, "বাসায় বসেই খেলা দেখেছি। কিন্তু জয়ের পর আর ঘরে থাকতে পারলাম না। সবার সঙ্গে রাস্তায় নেমে মিছিল না করলে এই আনন্দ শেয়ার করা যায় না।"
মহাখালী এলাকায় মিছিল করতে থাকা কলেজ ছাত্র ইমরোজ হাসান বললেন, "২০০৭ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে পরাজয়ের প্রতিশোধ নিলাম আজ।"
একটি আন্তজার্তিক সংস্থার কর্মকর্তা, মিরপুরের বাসিন্দা জোবায়দুর রহমান বলেন, "খেলার এক পর্যায়ে মনে হয়েছিল, ম্যাচটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু টানটান উত্তেজনার পর ঠিকই বিজয় ছিনিয়ে এনেছে সোনার ছেলেরা। তাদের শুভেচ্ছা জানাতেই আমরা মিছিল করছি।"
মহাখালীর বাসিন্দা মতিউর রহমান বলেন, "আমরা স্বাগতিক দেশ। প্রতিটা খেলার পরই আমরা এমন আনন্দ উদযাপন করতে চাই। এখানে ছোট দল- বড় দল বলে কোনো কথা নেই। আমরা জয় চাই, জয়।"
মিরপুরের চায়ের দোকানী বাবু দুপুরে পর থেকে খেলা দেখলেন এক রকম ব্যবসাপাতি বন্ধ রেখেই। তিনি বললেন, "ম্যাচটা যেন হারতে হারতে জিতে গেলাম। এ জন্য আনন্দ আরো বেশি।"
মোহাম্মদপুরের শিক্ষার্থী মিরাজ মওলা চৌধুরী বলেন, "এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের টিকে থাকার আনন্দটা নতুন করে পেলাম।"
গুলশানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফুল ইসলাম বলেন, "এই জয়ে যতো আনন্দ পেয়েছি, বাংলাদেশের সবগুলো ম্যাচেই এমন আনন্দ পেতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এসআইটি/এসআইএম/জেকে/২২৩৭ ঘ.
bdnews24