ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাম্প্রতিক 'ফর্ম'র বিচারে বিশ্বকাপের অষ্টম খেলায় নিউজিল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে লড়তে প্রস্তুত নিউজিল্যান্ডও।
খেলা হবে শুক্রবার নাগপুরে। শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় খেলায় জিততে চায় নিউজিল্যান্ড। সেই সঙ্গে থামাতে চায় অস্ট্রেলিয়ার জয়রথ। বিশ্বকাপে টানা ৩০টি খেলায় জিতেছে অস্ট্রেলিয়া।
এর আগে উপমহাদেশে টানা ১১ খেলায় হারের ধাক্কা সামলে নিজেদের প্রথম খেলায় কেনিয়াকে ১০ উইকেটে হারায় নিউজিল্যান্ড। অন্যদিকে নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ৯১ রানে জেতে অস্ট্রেলিয়া।
কেনিয়ার বিপক্ষে মারত্মক বল করেন হ্যামিশ বেনেট, জ্যাকব ওরাম ও টিম সাউদি। এই খেলাতেও তারা অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ফেলতে পারেন কঠিন পরীক্ষায়। উপমহাদেশে খেলা হলেও দুই দলই নির্ভর করছে তাদের পেসারদের ওপর।
ব্রেট লি, শন টেইট, মিচেল জনসন ও ডোগ বোলিঞ্জারকে নিয়ে গঠিত অস্ট্রেলিয়ার পেস আক্রমণ গুড়িয়ে দিতে পারে যে কোনো দলের ব্যাটিং।
তারপরও স্পিন আক্রমণ খুব একটা খারাপ নয় অস্ট্রেলিয়ার। স্পিন-সহায়ক পিচে দলের স্পিনাররা রাখতে পারে কার্যকর ভূমিকা।
স্পিন আক্রমণে অবশ্য কিছুটা হলেও এগিয়ে আছে নিউজিল্যান্ড। অনিয়মিত স্পিনারদের নিয়ে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি অস্ট্রেলিয়ার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন।
ব্যাটিংয়ে ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গুপটিল, জেমস ফ্রাঙ্কলিন, স্কট স্টাইরিস, রস টেলর নিজেদের মেলে ধরতে পারলে ভালোই লড়াই হতে পারে দুই দলের মধ্যে।
সুযোগ পেলে নিউজিল্যান্ড যে অস্ট্রেলিয়াকে তছনছ করে দিতে পারে তা বেশ ভালোভাবেই জানা আছে অধিনায়ক রিকি পন্টিংয়ের। সে জন্য তার আছে বাড়তি পরিকল্পনা।
ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন। ব্র্যাড হ্যাডিন, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, ক্যামেরন হোয়াইট পরীক্ষা নিতে পারেন যে কোনো দলের বোলারদের।
এর আগে সব মিলে দল দু'টো খেলেছে ১২৩টি একদিনের ম্যাচ। অস্ট্রেলিয়া জিতেছে ৮৪টিতে। ৩৪টিতে জিতেছে নিউজিল্যান্ড। পরিত্যক্ত হয় ৫টি খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24