ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে সমীহ করলেও শুক্রবার জিততে চান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশ নিজেদের পরিবেশে খুব শক্তিশালী দল হলেও আমরা জিততে চাই।"
শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড।
২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয়ের পুনরাবৃত্তি দেখতে চান পোর্টারফিল্ড। ওই খেলায় দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৭ রান করেন তিনি।
শুধু মুখের কথা নয়, দ্বিতীয় পর্বে খেলার জন্য গ্র"পের সব দলের শক্তি ও দুর্বলতা নিয়ে রীতিমতো বিচার-বিশ্লেষণ করে এসেছে আয়ারল্যান্ড। সে কারণে বাংলাদেশের বিপক্ষে চার স্পিনার নিয়ে মাঠে নামছে তারা।
জিততে চাইলেও গত বিশ্বকাপের চেয়ে এবার যে পুরোপুরি ভিন্ন পরিবেশে খেলতে সে কথাও আছে পোর্টারফিল্ডের মাথায়। এ প্রসঙ্গে তিনি বলেন, "এবার বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে। সে কারণে কিছুটা হলেও এগিয়ে আছে বাংলাদেশ।"
পোর্টারফিল্ড অবশ্য পিছিয়ে রাখছেন না নিজের দলকেও। তিনি বলছেন, "নিঃসন্দেহে শক্তির বিচারে বাংলাদেশ এগিয়ে আছে। তবে অভিজ্ঞতার দিক দিয়ে পিছিয়ে নেই আমরাও। এছাড়া গত দু'বছরে অনেক ম্যাচ খেলেছি আমরা।"
বাংলাদেশের স্পিন আক্রমণকে বেশিরভাগ প্রতিপক্ষ মূল শক্তি হিসেবে বিবেচনা করলেও পোর্টারফিল্ড বলেছেন, প্রথমদিকের ব্যাটসম্যানদের কথা, "বাংলাদেশের উপরের সারিতে বেশ কয়েকজন বিপদজনক ব্যাটসম্যান রয়েছেন। আমাদের লক্ষ্য তাদের দ্রুত সাজঘরে ফেরত পাঠানো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২০ ঘ.
bdnews24