ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নেয়ার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার জয়ের কোন বিকল্প দেখছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
গত বিশ্বকাপে 'সুপার এইট'র খেলাসহ বেশ কয়েকবার আয়ারল্যান্ডের কাছে হারার পর প্রতিপক্ষকে হাল্কাভাবে দেখছে না বাংলাদেশ। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাকিব বলেন, "আয়ারল্যান্ডকে 'আন্ডারডগ' হিসেবে দেখছি না।"
বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ দল বলে মনে করেন সাকিব। দলের মূল শক্তি স্পিনাররা তাকে জোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা।
তিনি বলেন, "জেতার জন্য নিজেদের খেলাটাই আমাদের খেলতে হবে। এছাড়া এই খেলায় আমাদের জিততেই হবে।"
নিরপেক্ষ মাঠ কিংবা আয়ারল্যান্ডের মাটিতে সে দেশের বিপক্ষে হার মানলেও দেশের মাটিতে তাদের বিপক্ষে অদম্য বাংলাদেশ। তিন ম্যাচের একদিনের সিরজের সব খেলায় বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারিয়েছে। সে কথা মনে করিয়ে দিয়ে সাকিব বলেন, "সেবার তারা আমাদের স্পিনারদের খেলতে পারেনি।"
প্রতিশোধের ম্যাচ হিসেবেও দেখছেন না তিনি এই খেলাটিকে। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, "এটা প্রতিশোধের ম্যাচ নয়। তবে দ্বিতীয় পর্বে ওঠার জন্য এ খেলায় জেতা খুবই গুরুত্বপূর্ণ।"
ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ৮৭ রানে হারার পরও আত্মবিশ্বাসে ঘাটতি নেই সাকিবের। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর পর ২৬০ রানের মধ্যে বেঁধে ফেলার পরিকল্পনা থাকলেও ৩৭০ রান করে মহেন্দ্র সিং ধোনির দল। ৩৭১ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের পালা থেমে যায় ২৮৩ রানে।
ভারতের সঙ্গে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি সাকিবের দল। সে হতাশা ফুটে উঠেছে তার গলায়, "আমরা মোটেও ভালো খেলিনি।"
ওই ম্যাচের ভুল-ত্র"টি শুধরে নিয়ে এগিয়ে যেতে চান সাকিব। তিনি বলেন, "স্পিনারদের ওপর আমার আস্থা আছে। ব্যাটসম্যানরা ভারতের বিপক্ষে যেমন খেলেছেন তা ধরে রাখতে পারলে ৩০০-এর কাছাকাছি পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে খেলায় জেতা খুব একটা কঠিন হবে না।"
অনুশীলনের সময় বুধবার চোট পান পেসার শফিউল ইসলাম। তিনি খেলার মতো পুরো সুস্থ নন বলে জানান সাকিব।
সাকিব বলেন, শুক্রবার তার চোটের সর্বশেষ অবস্থা দেখে সেরা একাদশ ঠিক করা হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আশরাফুল খেলবেন কি না, জানতে চাওয়া হলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬০৪ ঘ.
bdnews24