২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্সের শতকে দ. আফ্রিকার সহজ জয়

এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তখনো হাতে ছিল ৪৩ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তখনো হাতে ছিল ৪৩ বল। দিল্লির ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম খেলায় প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ৩ বলে ২২২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে গিয়ে ৪২ ওভার ৫ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ২২৩ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা (১৪) ছাড়াও জ্যাক ক্যালিসকে (৪) হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় হাল ধরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ও ভিলিয়ার্স। দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করেন ১১৯ রান। দলীয় ১৩৯ রানের মাথায় কিয়েরন পোলার্ডের বলে বোল্ড হওয়ার আগে স্মিথ করেন ৪৫। তার ৭৮ বলের ইনিংসে চার রয়েছে ২টি। এরপর আর কোনো অঘটন ঘটেনি। ভিলিয়ার্স ও জেপি ডুমিনি দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন ভিলিয়ার্স। তিনি তার ১০৫ বলের ইনিংসটি সাজান আটটি চার ও দু'টি ছক্কা দিয়ে। বিশ্বকাপে এটি ভিলিয়ার্সের দ্বিতীয় শতক। আর একদিনের ক্রিকেটে দশম। জয়সূচক রানটি আসে ডুমিনির ব্যাট থেকে। ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট নেন কেমার রোচ, পোলার্ড ও সুলেইমান বেন। এ জন্য পোলার্ড ৩৭, রোচ ৪২ ও বেন ৫১ রান দেন। এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। পালার প্রথম ওভারে জোহান বোথার তৃতীয় বলে স্লিপে ক্যালিসের হাতে ধরা পড়েন তিনি (২)। এ অবস্থায় ইনিংস মেরামতের কাজ শুরু করেন ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভো। ১৪৬ বলে ১১১ রানের জুটি গড়ে ভালোভাবেই ইনিংস মেরামত করেন তারা। এ সময় এক প্রান্ত ধরে খেলেন স্মিথ। আর অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন ব্রাভো। দলীয় ১১৩ রানের মাথায় আবারো আঘাত হানেন বোথা। তার দ্বিতীয় স্পেলের প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ব্রাভো করেন ৭৩। তার ৮২ বলের ইনিংসে চার রয়েছে ৮টি ও ১টি ছক্কা। দলের সঙ্গে আর ২ রান যোগ হওয়ার পর স্পিনার ইমরান তাহিরের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন স্মিথ (৩৬)। একদিনের ক্রিকেট-জীবনে এটি তাহিরের প্রথম ম্যাচ। এরপর ডোয়াইন ব্রাভো ও শিবনারায়ন চন্দরপল দলের সঙ্গে যোগ করেন ৫৮। ১৭৮ রানের মাথায় ৪০ রান করে রান-আউট হন ব্রাভো। ৩৭ বলে খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি একবার। হাওয়ায় ভাসিয়ে তিনবার। এছাড়া চন্দরপল ৫১ বলে করেন ৩১। বাকি ব্যাটসম্যানদের কেউ কোনো সুবিধা করতে পারেননি। পেলার্ড ও অধিনায়ক ড্যারেন সামি রানের খাতা খোলার আগেই ফিরে যান। ডেভন টমাস ১৫, রামনরেশ সারওয়ান ২ ও বেন ৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে তাহির ৪ উইকেট নেন ৪১ রানে। ২৪ রানে ৩ উইকেট নেন ডেল স্টেইন। ম্যাচ সেরা হন ভিলিয়ার্স। ২০০৯ সালের ডিসেম্বরের পর ফিরোজ শাহ কোটলায় এই প্রথম কোনো আর্ন্তজাতিক ম্যাচ হলো। যথাযথভাবে উইকেট তৈরি না করায় সেদিন ভারত-শ্রীলঙ্কা খেলা ২৩ ওভার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৪৫ ঘ.