২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় উইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের খেলায় যেন জিততে ভুলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের খেলায় যেন জিততে ভুলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ খেলায় জিতেছে কেবল একবার। তাও ৪ বছর আগে, ২০০৬ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। তারপর টানা ১১ হার মেনেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় দিল্লির ফিরোজ শাহ কোটলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, এবার পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পিছনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ এখন আছে নয় নম্বরে। তাই বিশ্বকাপ হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য নিজেদের মেলে ধরার আসর। দলটির প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় পর্ব নিশ্চিত করা। তবে সে জন্য অন্তত ৩টি খেলায় জিততে হবে। সম্পূর্ণ ভিন্ন ধরনের হলেও চাপে আছে দক্ষিণ আফ্রিকাও। ভারতের বিপক্ষে সিরিজ জেতার পর থেকে ক্রিকেট দুনিয়া চেয়ে আছে তাদের দিকে-বিশ্বকাপে কী করে তা দেখার জন্য। দলটির পেসাররা উপমহাদেশে কেমন করবে, স্পিনারদের খেলানো হবে কি না, মাঝের সারির ব্যাটসম্যানরা চাপের মুখে কতটা দৃঢ়তা দেখাবে, এ সব নিয়ে আছে নানা প্রশ্ন। তবে সব চেয়ে বড় প্রশ্ন-এবারো কি 'চোকার' হয়ে থেকে যাবে দক্ষিণ আফ্রিকা। নাকি আসবে প্রত্যাশিত সাফল্য। বিশ্বকাপে তাদের ১১ জনের অভিষেক হচ্ছে এবার। এমনিতেই গায়ে লাগানো আছে 'চোকার' তকমা, তারওপর সিংহভাগ খেলোয়াড়ের অভিষেক হচ্ছে। ভেঙ্গে পড়তে খুব বেশি সময় নেবে না বলে অনেকে মনে করছেন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো একটা পরীক্ষা হয়ে যাবে ফিরোজ শাহ কোটলারও। শ্রীলঙ্কা-ভারত খেলায় যথাযথভাবে উইকেট তৈরি না করায় ২৩ ওভার পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরের ওই ঘটনার পর থেকে সেখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩১৬ ঘ.