২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বড় জয়

কেনিয়াকে ২০৫ রানে হারিয়েছে পাকিস্তান। রানের দিক দিয়ে এটি বিশ্বকাপের ইতিহাসে অষ্টম বড় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেনিয়াকে ২০৫ রানে হারিয়েছে পাকিস্তান। রানের দিক দিয়ে এটি বিশ্বকাপের ইতিহাসে অষ্টম বড় জয়। শ্রীলঙ্কার হাম্বানটোটায় বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ খেলায় বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে চার ব্যাটসম্যানের অর্ধ-শতকের সুবাদে ৭ উইকেটে পাকিস্তান করে ৩১৭ রান। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৩ ওভার ১ বলে ১১২ রানে গুটিয়ে যায় কেনিয়া। কেনিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরুটা ভালোই করেন। দলীয় ৩৭ রানের মাথায় সেরেন ওয়াটার্স (১৭) দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। রান নেয়ার সময় জায়গায় পৌঁছানোর আগে উমর আকমলের সরাসরি 'থ্রো'তে তার উইকেট ভেঙ্গে যায়। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মরিচ উমা (১৬) উমর গুলের বলে উইকেটের পেছনে কামরান আকমলের হাতে ধরা পড়েন। তখন দলের রান ছিল ৪৩। এ অবস্থায় দলের হাল ধরেন কলিন্স ওবুয়া। তিনি এক প্রান্ত আগলে খেলে যেতে থাকলেও অন্য প্রান্তে শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। শেষ পর্যন্ত ১১২ রানের মাথায় ৪৭ রান করে অধিনায়ক শহিদ আফ্রিদির বলে আজমল শেহজাদের হাতে ধরা পড়েন ওবুয়া। এরপর চার ব্যাটসম্যান উইকেটে আসেন আর ফিরে যান সাজঘরে। অথচ দলের সঙ্গে যোগ হয়নি কোনো রান। এর আগে স্টিভ টিকোলো ১৩, তন্ময় মিশ্রার ৬ ও অধিনায়ক জিমি কামান্দে ২ রান করে বিদায় নেন। আফ্রিদি ৫ উইকেট নেন ১৬ রানে। উমর গুল ২টি ও মোহাম্মদ হাফিজ ১টি উইকেট নেন। এজন্য গুল দেন ১২ রান। হাফিজ ২৬। এই বিশ্বকাপে আফ্রিদিই প্রথম ৫ উইকেট নিলেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ (৯) ও আজমল শেহজাদকে (১) হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এ অবস্থায় ইনিংস মেরামতের কাজে নামেন কামরান আকমল ও ইউনুস খান। দু'জনে মিলে ১০৭ বলে ৯৮ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের কাজ বেশ ভালোভাবেই করেন। দলীয় ১১০ রানের মাথায় ফিরে যান আকমল। শেম গোচির বল ঠিকমতো বুঝতে পারেননি। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক মরিচ উমার হাতে। কামরানের জায়গায় ফেরার আগে তার স্ট্যাম্প ভেঙ্গে দেন তিনি। ৬৭ বলে ৫৫ রান করার পথে আকমল চার মারেন পাঁচটি। তবে খেলে যেতে থাকেন ইউনুস। স্টিভ টিকোলোর পঞ্চম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে অর্ধ-শতকে পৌঁছান তিনি। তবে পরের বলেই তাকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন টিকোলো। দু'টি চারের সাহায্যে ৬৭ বলে ৫০ রান করেন ইউনুস। এরপর দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন সহ-অধিনায়ক মিসবাহ উল হক ও উমর আকমল। রীতিমতো ঝড় তোলেন তারা। দু'জনে মিলে ৯৯ বলে ১১৮ রান যোগ করেন দলের সঙ্গে। কামান্দের বলে সীমানার কাছে ওটিয়ানোর হাতে ধরা পড়ার আগে ৬৫ রান করেন মিসবাহ। তার ৬৯ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা রয়েছে। মিসবাহ ফিরে গেলেও ঝড় থামেনি, বরং তার মাত্রা বাড়িয়ে দেন উমর ও আফ্রিদি। শেষ পর্যন্ত ২৮৯ রানের মাথায় ৫২ বলে ৭১ রান করে লং-অনে ওবুয়ার হাতে ধরা পড়ে বিদায় নেন উমর। তিনি তার ইনিংসটি সাজান ৮টি চার ও ১টি ছক্কা দিয়ে। কেনিয়ার পক্ষে টমাস ওদোয়ো ৩ উইকেট নেন ৪১ রানে। কেনিয়া অতিরিক্ত রান দিয়েছে ৪৬। বিশ্বকাপের ইতিহাসে অতিরিক্ত খাতে এটি চতুর্থ সর্বোচ্চ রান। এর আগে কেনিয়ার বিপক্ষে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে সবগুলোতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৪০ ঘ.