ঢাকা, ফ্রেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েকে জেতার জন্য ২৬৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসনের অর্ধ-শতকের সুবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬২ রান করে তারা।
আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ খেলায় সোমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের আঁট-সাঁট বোলিংয়ের মুখে ক্লার্ক ও ওয়াটসন ছাড়া সুবিধা করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত ওভার প্রতি রান তোলার হার ৫ ছাড়িয়ে গেলেও প্রথমদিকে এই হার ছিল প্রায় ৩। এক পর্যায়ে তা নেমে আসে ২.৫-এ। খেলার মাঝামাঝি সময় এই হার ৪ ছাড়িয়ে যায়।
ক্লার্ক ৫৫ বলে ৫৮, ডেভিড হাসি ৮ বলে ১৪, স্টিভ স্মিথ ৪ বলে ১১ ও মিচেল জনসন ৩ বলে অপরাজিত ৭ করলে অস্ট্রেলিয়ার রান আড়াই শ' ছাড়িয়ে যায়।
ক্লার্ক তার হার না মানা ৫৮ রানের ইনিংসটি সাজান চারটি চার দিয়ে।
এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন ৬১ রানের শক্ত ভিত্তি গড়ে দিলেও খেলেন ১৮ ওভার ৫ বল। প্রস্পার উৎসেয়ার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ২৯ রান করেন হ্যাডিন। তার ৬৬ বলের ইনিংসে চার রয়েছে তিনটি।
তবে ওয়াটসন তার চেয়ে অনেক আক্রমণত্মক ব্যাটিং করেন। ৯২ বলে ৭৯ রান করে গ্রায়েম ক্রিমারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। তখন দলের রান ছিল ১৪০।
দলের সঙ্গে আর ৪ রান যোগ হতেই রান-আউট হয়ে বিদায় নেন অধিনায়ক রিকি পন্টিং (২৮)। এছাড়া দলীয় ২০৭ রানের মাথায় ক্রিস এমপফুর বলে বোল্ড হওয়ার আগে ক্যামেরন হোয়াইট করেন ৩৬ বলে ২২।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে এমপফু দুই উইকেট নেন ৫৮ রানে। এছাড়া একটি করে উইকেট নেন ক্রিমার, উৎসেয়া ও রে প্রাইস। এ জন্য ক্রিমার দেন ৪১ রান। উৎসেয়া ও প্রাইস, দু'জনই দেন ৪৩ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪১ ঘ.
bdnews24