ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে নির্দ্বিধায় ফেভারিট আস্ট্রেলিয়া। মাইক হাসি নেই, তারপরও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নের মতোই খেলবে।
জিম্বাবুয়ে একেবারে খর্ব শক্তির দল না হলেও অস্ট্রেলিয়াকে আটকানোর মতো সামর্থ্য তাদের নেই।
অস্ট্রেলিয়া আমার প্রিয় দল, তাই বলে তাদের পক্ষে সাফাই গাইছি না; এ দলটির কোনো বিভাগেই ঘাটতি নেই।
যদিও গত কয়েকটি সিরিজে তাদের পারফরমেন্স খুব একটা আশাজাগানিয়া ছিলো না। কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে তারা ঠিকই জ্বলে উঠেছে। ইংল্যান্ডকে ৬-১ এ সিরিজ হারিয়েছে। অথচ এ ইংল্যান্ডের কাছেই অ্যাশেজে হেরেছিলো তারা।
অস্ট্রেলিয়া দলের মূল শক্তি পেস অ্যাটাক। ব্রেট লি, শন টেইট ও শন ওয়াটসনের মতো গতির তারকা আছেন তাদের দলে। এদের সামনে বড় স্কোর করা খুব কঠিন একটা কাজ হবে।
যদিও এ উপমহাদেশের পিচটা একটু মন্থর। তারপরও অস্ট্রেলিয়ানরা ভালো করার ক্ষমতা রাখে।
অভিজ্ঞ মাইক হাসি নেই, এটা তাদের ব্যাটিংয়ের কিছুটা দুর্বল দিক। কিন্তু তাদের দলে বেশ কজন অলরাউন্ডার রয়েছেন।
তাছাড়া এ বিশ্বকাপের আগে তারা ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছে। প্রথম ম্যাচ থেকেই তার প্রমাণ তারা দেবে বলে আমার বিশ্বাস।
জিম্বাবুয়ে দলে ব্রেন্ডন টেইলর ও শিঙ্গিরাই মাসাকাদজার মতো কিছু ভালোমানের ব্যাটসম্যান থাকলেও অস্ট্রেলিয়াকে নাড়া দেয়ার শক্তি তাদের নেই।
সব মিলিয়ে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এমএইচ/এমআই/০৯১৫ ঘ.
bdnews24