ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেনিয়ার বিপক্ষে রোববার মাঠে নামছে নিউজিল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায় চেন্নাইয়ে।
নিউজিল্যান্ডের সময়টা এখন ঠিক ভালো যাচ্ছে না। উপমহাদেশে টানা ১১টি একদিনের খেলায় হারের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি দলটি।
অন্যদিকে কেনিয়ার ক্রিকেটও কঠিন সময় পার করছে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে টানা তিনটি একদিনের সিরিজে হেরেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রস্তুতি খেলাতেও হেরেছে ভারতের সঙ্গে।
সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট না খেললেও বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড। নিজেদের ফিরে পাওয়ার অভিযান তারা শুরু করতে চান কেনিয়ার বিপক্ষে নিজেদের প্রথম খেলা দিয়েই।
ইতিহাসও তাদের পক্ষে। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ১৪৮ রানে জেতে নিউজিল্যান্ড।
এই বিশ্বকাপ অধিনায়ক হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করবেন তিনি।
নিউজিল্যান্ডের মাঝের সারির ব্যাটসম্যানরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে কেনিয়ার বিপক্ষে ভেট্টোরির দল সহজেই জিতবে বলে ধরে নেয়া যায়। তবে সেটি না হলে বেশ ভালো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের।
বিশ্বকাপে বড় দলগুলোকে হারানো কেনিয়ার জন্য নতুন কিছু নয়। দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন।
এছাড়া দলটির বোলিং-আক্রমণও যথেষ্ট শক্তিশালী। ব্যাটসম্যানরা মোটামুটি লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারলে ছেড়ে কথা বলবে না তারা।
সে কারণেই হুঙ্কার দিতে ছাড়েননি অধিনায়ক জিমি কামান্দে। তিনি বলেন, "যারা আমাদের হাল্কাভাবে নেবে তারাই ভুল করবে। আমরা কঠোর অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছি।"
তবে কেনিয়াকে হাল্কাভাবে নেয়ার মতো 'বোকা' নন ভেট্টোরি। "আমরা তাদের বিপক্ষে খুব বেশি কিছু জানি না। সে কারণে তাদের হাল্কাভাবে নেয়ার কোনো অবকাশ নেই,"বললেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩২ ঘ.
bdnews24