ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের উদ্বোধনী খেলা দেখেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ-ভারতের খেলা দিয়ে মাঠে গড়িয়েছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের দশম আয়োজন। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
খেলা দেখতে দুপুর সোয়া ২টায় শের-ই বাংলা স্টেডিয়ামে যান শেখ হাসিনা। কিছু সময় তিনি অপেক্ষা করেন রাষ্ট্রপতির জন্য। রাষ্ট্রপতি যাওয়ার পর তাকে নিয়ে গ্যালারিতে নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী।
এক ঘণ্টা পর রাষ্ট্রপতি চলে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে নিচ পর্যন্ত যান প্রধানমন্ত্রী। পরে আবার তিনি ওপরে আসেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে খেলা দেখেন বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য জাফরউল্লাহ।
প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও তার ছেলে ও ছেলের বউকে নিয়ে খেলা দেখতে যান। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও খেলা দেখতে যান। দেখা গেছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকেও।
বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী মাঠ ছাড়েন। টসে হেরে ব্যাট করতে নামা ভারত ওই সময় বিশাল সংগ্রহের দিকে এগোচ্ছিলো।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, খেলার বাকি অংশ গণভবনে দেখবেন শেখ হাসিনা।
কড়া নিরাপত্তার মধ্যে শনিবার বিশ্বকাপের খেলা মাঠে গড়ায়। মাঠ ও এর আশপাশে র্যাব-পুলিশের পাশাপাশি ছিলো সেনাবাহিনীর প্রহরা। দুটি জঙ্গি বিমানকেও দুপুরে স্টেডিয়ামের ওপরে চক্কর দিতে দেখা যায়।
এই প্রথম বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের অংশীদার বাংলাদেশ। বাংলাদেশে আটটি খেলা হচ্ছে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং দুটি চট্টগ্রামে। এবারের বিশ্বকাপের সহআয়োজক হিসেবে আছে ভারত ও শ্রীলঙ্কা।
এর আগে ১৯৯৬ সালে উপমহাদেশে বিশ্বকাপ হয়েছিলো। তাতে আয়োজক ছিলো ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24