ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকা মাতিয়ে রেখেছে টিকেটবিহীন জনতার উল্লাস।
স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হাজার হাজার মানুষ ভিড় করেছেন। বৃহস্পতিবার সকাল ১২টা থেকেই স্টেডিয়ামের বাইরের মূল ফটকের সামনে দীর্ঘ লাইন পরে যায়। যারা টিকেট পেয়েছেন তাদের অপেক্ষার পালা শেষ হয় দুপুর ২টার পর। নারী-পুরুষ, তরুণ-তরুণীর পাশাপাশি স্টেডিয়াম পাড়ায় রয়েছে শিশুদের সরব উপস্থিতি।
হাজার হাজার দর্শনার্থীর একটিই ক্ষোভ- এ এলাকায় অনুষ্ঠান দেখানোর জন্য কোনো প্রজেক্টর বা টিভির ব্যবস্থা করা করা হয়নি। এ ব্যবস্থা করা হলে বাইরে থেকেই পুরো আনন্দ উপভোগ করতে পারতো স্টেডিয়াম পাড়া মাতিয়ে রাখা এসব দর্শকরা।
টিকেট পাওয়া ক্রিকেটপ্রেমীরা সারি বেঁধে দাঁড়িয়ে থাকলেও টিকেটহীনরা সকাল থেকেই নানা আয়োজনে মাতিয়ে রেখেছেন পুরো স্টেডিয়াম পাড়া। বাঁশি, পতাকা, নানা ধরনের ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্র দিয়ে পুরো স্টেডিয়াম এলাকা মুখর করে রেখেছেন দর্শনার্থীরা। আছে বিদেশি বাদ্যযন্ত্র ভুভুজেলার সরব উপস্থিতি।
শরিয়তপুর থেকে আসা আবদাল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনে করেছিলাম স্টেডিয়ামের বাইরে থেকে টিকেট কেটে খেলা দেখব। কিন্তু ঢাকায় এসে জানতে পারলাম সে ব্যবস্থা নেই।"
উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামের ভেতরে বসে দেখতে না পারার তার দুঃখ তিনি ভুলেছেন বাইরে বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাস করে। একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী আফরোজা ইয়াসমিনের। বন্ধুদের সঙ্গে নিয়ে স্টেডিয়ামের বাইরে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করছেন তারা।
আফরোজা বলেন, "বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, মূল অনুষ্ঠান দেখতে না পারলেও স্টেডিয়ামের বাইরে থাকাও আনন্দের ব্যাপার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমম/এসএইচএ/এসআই/পিডি/১৭২৫ ঘ.
bdnews24