ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো খেললে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে বলে জানিয়েছেন পেসার শফিউল ইসলাম।
খেলা শুরু হবে দুপুর আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে কানাডার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের শফিউল বলেন, "পাকিস্তান দল নিয়ে আমরা সব দিক ভেবে-চিন্তে কৌশল নির্ধারণ করেছি।"
কানাডার বিপক্ষে বাংলাদেশের বোলিংয়ের ধার পরখ করা হলেও ব্যাটিং গভীরতা কি খতিয়ে দেখা হবে পাকিস্তানের বিপক্ষে-সাংবাদিকদের এই মন্তব্য মানতে নারাজ তিনি। বরং যুক্তি দেখিয়ে তিনি বলেন, কানাডার বিপক্ষে মাত্র একটি উইকেট হারিয়েছি আমরা। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভালো ব্যাট করেছেন।
শফিউল আলম বলেন, "পাকিস্তান ভালো দল। তাদের বিপক্ষে খেলায় ভালো করলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। তবে সব খেলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।"
আগের দলগুলোর তুলনায় এবারের বাংলাদেশ দলকে অনেক শক্তিশালী বলে মনে করেন শফিউল।
উইকেট নিয়েও কথা বলেন বাংলাদেশের এই পেসার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বেশ ভালো বলে জানান শফিউল। শের-ই-বাংলার উইকেটও বেশ ভালো হবে বলে আশা করেছেন তিনি।
সব মিলিয়ে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অনেক দূর যাবে বলে আশাবাদী শফিউল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০১ ঘ.
bdnews24