২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ডের অনুশীলন

বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড দল সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড দল সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের একদিন আগে কেবল ব্যাটিং ও বোলিং অনুশীলন করে বাংলাদেশ। খেলা শুরু হবে মঙ্গলবার দুপুর আড়াইটায় শের-ই-বাংলা স্টেডিয়ামে। এর আগে কানাডার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জেতে ৯ উইকেটে। সোমবার সকালে অনুশীলন করে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল। দুপুরে অনুশীলন করে পাকিস্তান। সকালে বাংলাদেশের আগে অনুশীলনে নামে ইংল্যান্ড। জিপি-বিসিবি একাডেমি মাঠের নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে তারা। বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের অনুশীলন শুরু হয় ইনডোরে। প্রধান কোচ জেমি সিডন্স ও বোলিং কোচ ইয়ান পন্টের তত্ত্বাবধানে আড়াই ঘন্টা ধরে তারা কেবল ব্যাটিং ও বোলিং অনুশীলন করে। এর আগে প্রতিযোগিতার বিশ্বকাপ ট্রফি প্রদর্শন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুষ্ঠানে বাংলাদেশ দলের সাফল্য কামনা করা হয়। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে তারা অবশ্যই ভালো খেলবেন বলে তিনি আশা করছেন। অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, জুনায়েদ সিদ্দিকী ও ইমরুল কায়েসসহ অন্য ব্যাটসম্যানরা ব্যাটিং অনুশীলন করেন। তাদের বিপক্ষে বল করেন সোহরাওয়ার্দী শুভ ও রুবেল হোসেনসহ অন্য বোলাররা। তবে ব্যাটিং নয়, শাহরিয়ার নাফিস করেন বোলিং অনুশীলন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দু-তিন ওভার বল করেন। তবে মোটেও ছন্দে ছিলেন না তিনি। দুপুর দুইটার দিকে বাংলাদেশ দলের স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার আগেই আসে পাকিস্তান দল। বিশ্বকাপের কোনো খেলা না থাকলেও দু'টো প্রস্তুতি ম্যাচ খেলতে তারা বাংলাদেশে এসেছে। ১৮ ফেব্র"য়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, প্রতিপক্ষ ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৩৮ ঘ.