চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ফেব্র"য়ারি ও মার্চ মাসে দুই দফায় ২৭ দিন নগরীর প্রধান সড়কগুলো হকারমুক্ত থাকবে।
মঙ্গলবার বিকালে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) সঙ্গে হকার নেতাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী কানাডার বিপক্ষে ১২ ফেব্র"য়ারির প্রস্তুতি ম্যাচ উপলক্ষে বুধবার থেকে ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত এবং ইংল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি ম্যাচের জন্য ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রধান সড়কগুলো হকারমুক্ত থাকবে।
সিসিসি, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও হকার নেতারা ঠিক করবেন কোন্ কোন্ সড়কে হকার বসবে না।
সিসিসি মেয়র মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিএমপি কমিশনার মো. আবুল কাশেম, সিসিসি সচিব মো. সামসুদ্দোহা, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শফর আলী, শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন ছাড়াও ব্যবসায়ী ও হকার নেতারা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, "মূল সড়ক ছেড়ে দিয়ে অলিগলিতে অবস্থান নিন আমরা সহযোগিতা করব। আমরাও চাই না আপনাদের আর্থিক ক্ষতি হোক।"
হকারদের স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দিয়ে তিনি বলেন, "সরকারি দল আর বিরোধী দল কেউই হকার উচ্ছেদের পক্ষে নয়।"
সভার শুরুতে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বিশ্বকাপ উপলক্ষে একমাস প্রধান সড়ক হকারমুক্ত রাখার প্রস্তাব করেন। হকার প্রতিনিধিরা সিসিসি'র প্রস্তাব মেনে নিয়ে হকারদের স্থায়ী পুনর্বাসনে মেয়রের হস্তক্ষেপ দাবি করেন।
শ্রমিক লীগ নেতা শফর আলী বলেন, হকাররা বৈধভাবে ব্যবসা করতে চায়। এক্ষেত্রে সিসিসি উদ্যোগ নিলে সবরকম সহযোগিতা করব।
সভায় শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, হকার প্রতিনিধি নুর আলম লেদু ও আবদুল খালেক, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০২৫ ঘ.
bdnews24