২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

ষষ্ঠ ও শেষ একদিনের খেলায় সান্ত্বনার জয় পেয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়েছে তারা ৫৭ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ষষ্ঠ ও শেষ একদিনের খেলায় সান্ত্বনার জয় পেয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়েছে তারা ৫৭ রানে। অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার প্রথমে ব্যাট করে জেসি রাইডারের শতকের সুবাদে ৭ উইকেটে ৩১১ রান করে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্য ৩২২ তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস ৪৪ ওভার ১ বলে গুটিয়ে যায় ২৫৪ রানে। রান তাড়া করতে গিয়ে ৫৮ রানের মধ্যে তিন ব্যাটসম্যান বিদায় নিলে পথ হারিয়ে ফেলে পাকিস্তানের ইনিংস। উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল ৮৪ বলে ৮৯ রান করলেও পথে ফেরা আর হয়ে ওঠেনি পাকিস্তানের। অধিনায়ক শহিদ আফ্রিদি ৩৫ বলে ৪৪, শোহেল তানভীর ৩২ বলে ৩০ ও আসাদ শফিক ৩৫ বলে ২৬ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেনি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে হ্যামিশ বেনেট ৪ উইকেট নেন ৪৬ রানে। ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন জেমস ফ্রাঙ্কলিন। এর আগে টস জিতে পাকিস্তান ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডকে। দু'টি শত-রানের জুটির ফলে তাদের রান তিন শ' ছাড়িয়ে যায়। মাত্র ১৮ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (১২) ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও রাইডার ১২৩ রান তুললে নিউজিল্যান্ডের অবস্থা সুসংহত হয়। ১৪১ রানের মাথায় গুপটিল সাজঘরের পথ ধরেন ৪৪ রান করে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে রাইডার তার একদিনের ক্রিকেট-জীবনের দ্বিতীয় শতক আদায় করে নেন। ঝড়ের গতিতে ১০৭ রান করেন তিনি। তার ৯৩ বলের ইনিংসে চার রয়েছে ৭টি ও ছক্কা ছয়টি। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে স্কট স্টাইরিস ও নাথান ম্যাককালাম ১২০ রান তুললে দলের রান তিন শ' ছাড়িয়ে যায়। দলীয় ৩১০ রানের মাথায় মোহাম্মদ হাফিজের বলে আহমেদ শেহজাদের হাতে ধরা পড়েন নাথান ম্যাককালাম। ৬৫ রান করেন মাত্র ৫০ বলে। দড়ির ওপারে বল পাঠান তিনি সাতবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে তিনবার। শেষ পর্যন্ত স্টাইরিস অপরাজিত থাকেন ৫৮ রানে। তিনি তার ৪৪ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও একটি ছক্কা দিয়ে। পাকিস্তানের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ হাফিজ। এ জন্য রাজ্জাকের খরচ হয় ২৩ রান। হাফিজ দেন ৫৭। সেরা খেলোয়াড় হয়েছেন রাইডার। এই খেলায় হারলেও ছয় ম্যাচের সিরিজ পাকিস্তান জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। প্রথম খেলায় জেতে নিউজিল্যান্ড। তবে তৃতীয়, চুতর্থ ও পঞ্চম ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে পাকিস্তান। দ্বিতীয় খেলা ভেসে যায় বৃষ্টিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭০৮ ঘ.