চট্টগ্রাম, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি রান সংগ্রহ করতে চান। আর চট্টগ্রামে চান শতক হাঁকাতে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন শেষে এ কথা বলেন তিনি।
২০০৭ সালের বিশ্বকাপে ভারত-বধের নায়ক ছিলেন তামিম ইকবাল। এবারও উদ্বোধনী খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। ভারতের বিপক্ষে এবারো ভালো ফল আশা করছেন তামিম।
বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, "বিশ্বকাপের এখনো ১৪ দিন বাকি। চেষ্টা করছি এ কয়েক দিনে যেন আরো ভালো ক্রিকেটারে পরিণত হতে পারি।"
এদিকে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের অনুশীলনেও দলের সদস্যরা কঠোর পরিশ্রম করেন বলে জানান জুনায়েদ সিদ্দিকী।
দলে চার উদ্বোধনী ব্যাটসম্যান থাকায় প্রয়োজনে যে কোন জায়গায় ব্যাট করতে রাজি জুনায়েদ। এ ব্যাপারে তিনি বলেন, "উদ্বোধনী ব্যাটসম্যানরা যে কোন জায়গায় ব্যাট করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/টিআর/২১০৫ ঘ.
bdnews24