২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট দেয়া হতে পারে ১০ ফেব্রুয়ারি থেকে: টুটুল

বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল। নগরীর একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি বলেন, দেড়মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিরা বাংলাদেশের মাঠ পরিদর্শন করে কিছু দিক-নির্দেশনা দিয়ে যান। সে অনুযায়ী, কাজ অনেকাংশে শেষ হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে গঠিত বাংলাদেশের সাংগঠনিক কমিটির সদস্য সচিব টুটুল বলেন, প্রস্তুতির দিক দিয়ে বিশ্বকাপের ১৩টি মাঠের মধ্যে এগিয়ে আছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বাংলাদেশের মাঠ নিয়ে আইসিসি'র তেমন কোনো আপত্তি নেই বলে দাবি করে শফিউল আরেফিন বলেন, তবে ফাইনালের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি মাঠ নিয়ে আইসিসি এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিসিবি চট্টগ্রাম মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠক করবে বলে তিনি জানান। শফিউল আরেফিন বলেন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সাতটি উইকেটই প্রস্তুত। তবে খেলা হবে তিন, চার ও পাঁচ নম্বর উইকেটে। বিশ্বকাপের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, তাই একজন দর্শক একবার স্টেডিয়ামে ঢুকে বের হলে তিনি আর ঢুকতে পারবেন না। কালোবাজারি রোধে দেরি করে টিকেট দেয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, আগামী ১০ ফেব্র"য়ারি থেকে সাধারণ দর্শকদের টিকেট দেয়া শুরু হতে পারে। চট্টগ্রামে ১২ ফেব্র"য়ারির প্রস্তুতি ম্যাচ ছাড়া বাকি দু'টি খেলার টিকেট শেষ হয়ে গেছে বলে জানান শফিউল আরেফিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/২১৩১ ঘ.