ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জয়ের পথে আবাহনীকে দারুণ এক উপহার দিয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। বুধবার শিরোপা প্রত্যাশী গাজী ট্যাংক ক্রিকেটার্সকে ১ রানে হারায় সিসিএস। আর এ জয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আবাহনী। এখন লিগের শেষ ম্যাচে মোহামেডানকে হারাতে পারলেই শিরোপা চলে যাবে তাদের ঘরে।
দিনের অন্যান্য খেলায় আবাহনী ৩৯ রানে ওল্ড ডিওএইচএসকে ও মোহামেডান ৬ উইকেটে বাংলাদেশ বিমানকে হারিয়েছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সুপার সিক্সের ৪র্থ পর্বের খেলায় টস জিতে ব্যাট করতে নামে সিসিএস। শুভাগত হোমের ৮৯, আতিকুর রহমানের ৬২ ও নাজমুল হোসেনের ঝড়ো ৫০ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ২৭৮ রান করে সিসিএস।
গাজীর পক্ষে সাব্বির রহমান ৩ উইকেট নেন ৫৬ রান দিয়ে।
রান তাড়া করতে নেমে অলোক কাপালীর ৮৭ ও মোহাম্মদ মিথুনের ৭৩ রানের সুবাদে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৭৭ রানেই গুটিয়ে যায় গাজী। ফলে শ্বাসরুদ্ধকর ম্যাচ ১ রানের জয় পায় সিসিএিস।
যদিও এ হারের পরেও শিরোপা স্বপ্ন বেঁচে থাকছে গাজীর, তবে এ জন্য নিজেদের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে আবাহনী-মোহামেডান ম্যাচের দিকে।
এদিকে বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান মাঠে (বিকেএসপি) বোলারদের নৈপুণ্যে সহজ জয় পায় আবাহনী।
টস জিতে ব্যাট করতে নেমে রেশমি রঞ্জনের ৬৯ রানের সুবাদে ৯ উইকেটে ২১৬ রান করে ধানমন্ডির দলটি।
মশিউর রহমান ৩৩ রানে নেন ৪ উইকেট।
জবাবে ১৭৭ রানেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএস। দলের পক্ষে তানভীর হায়দার ৪২ ও আফতাব আহমেদ ৩৬ রান করেন।
আবাহনীর পক্ষে সজীব ৩ উইকেট নেন ২৯ রানে। তাপস বৈশ্য ১৭ রান দিয়ে নেন ২ উইকেট।
অন্য খেলায় রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অভিষেক মিত্রর শতকের (১১০) সুবাদে ৮ উইকেটে ২২২ রান করে বিমান।
রান তাড়া করতে নেমে শোয়েব মালিকের অপরাজিত শতকের (১০৭) ওপর ভর করে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ২২৩ রান টপকে ২২৪ রানে পৌঁছে যায় মোহামেডান। তখনও বাকি ছিলো ৫৩ বল।
৫ ফেব্র"য়ারি লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী, ২২ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে গাজী ট্যাংক। তবে শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থাকা মোহামেডানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসএনএল/২১৫১ ঘ.
bdnews24