ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম জয়ে দারুণ উচ্ছ্বসিত দেশটির সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। ১৩ বছর আগে ১৯৯৮ সালে ওভালের কেনিংটনে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ের চেয়েও ডারবান জয়কে এগিয়ে রাখছেন তিনি।
ডারবানে ২০৮ রানে জেতে শ্রীলঙ্কা। ১৬ মাস আগে মুত্তিয়া মুরালিধরন বিদায় নেয়ার পর এটাই শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়। নতুন অধিনায়ক তিলকারতেœ দিলশানের জন্যও তাই।
কেনিংটনে পাওয়া ১০ উইকেটের ওই জয় এখন পর্যন্ত উপমহাদেশের বাইরে শ্রীলঙ্কার সবচেয়ে বড় অর্জন বলে বিবেচিত হয়। ওই ম্যাচে দ্বি-শতক করেন জয়াসুরিয়া এবং স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন নেন ১৬ উইকেট।
জয়াসুরিয়া বলেন, “শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য এটা একটা দারুণ জয়। কারণ, তারা হতাশজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন। দলটি ভালো করছিল না। প্রশাসন নিয়েও তারা বেশ ঝামেলায় পড়েছে। সব মিলিয়ে মানসিকভাবে খুব একটা ভালো জায়গায় ছিলো না দল। তবে ওই ম্যাচে তারা দারুণ জয় পেয়েছে এবং আশাকরি এখন সবকিছু আবার আগের মত হয়ে যাবে।”
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ১৮০ ও ১৫০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। তবে ডারবানে নিজেদের সেরা খেলা উপহার দিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকায় এর আগে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কেবল একটি শতক পেলেও কিংসমিডে থিলান সামারাবীরা ও সাঙ্গাকারা একটি করে শতক পান।
জয়াসুরিয়া বলেন, “আমি যা বলেছিলাম ঠিক তাই ঘটেছে। আমাদের জুটি দরকার ছিল এবং প্রথম ছয় জনের যে কারো শতক। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
“তিনশ’র বেশি রান করতে পারায় বোলাররা লড়াই করার মতো পুঁজি পেয়েছেন,” যোগ করেন তিনি।
সামারাবীরার শতকের সুবাদে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৩৮ রান করে। অভিষিক্ত দিনেশ চান্দিমাল দুই ইনিংসেই অর্ধশতক পান সেই সঙ্গে দুটি ভালো জুটি গড়েন।
কেপ টাউনে ৩ জানুয়ারি সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট জেতায় সিরিজে এখন ১-১ সমতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৫০ ঘ.
bdnews24