ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ বিশ্ব সেরা হতে যাচ্ছে। এমনটাই মনে করছেন দলের কোচ মাইক আর্থার।
সিডনিতে ৩ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শনিবারই সিডনি পৌঁছেছে তারা। তিন ফাস্ট বোলারের দূর্দান্ত বোলিং নৈপুণ্যে মেলবোর্নে প্রথম টেস্টে ১২২ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা।
মাত্রই তিনটি টেস্ট খেলা ফাস্ট বোলার জেমস প্যাটিনসন দ্বিতীয়বারের মত ম্যাচ সেরা হন। এছাড়া বেন হিলফেনহস দেখিয়েছেন গত বছরের তুলনায় কতটা উন্নতি করেছেন তিনি। পিটার সিডল উভয় ইনিংসেই শচীন টেন্ডুলকারকে ফিরিয়েছেন।
এদিকে চোট কাটিয়ে সিডনি টেস্টে ফিরছেন রায়ান হ্যারিসও।
চার পেসারের সঙ্গে অফস্পিনার নাথান লিওনকে নিয়ে সিডনিতে আক্রমণে নামবে অস্ট্রেলিয়া।
যদি এদের কেউ ব্যর্থ হন তবে তৈরি আছেন প্যাট কামিন্স। নভেম্বরে জোহানেসবার্গে অভিষেক টেস্টেই চমৎকার নৈপুণ্যে দলকে অসাধারণ এক জয় এনে দিয়েছেন যিনি। ওই টেস্টে পায়ের পাতায় চোট পাওয়ায় মাঠের বাইরে চলে গেলেও বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি।
গত কয়েক মাসে মিচেল স্টার্ক ও ট্রেন্ট কোপল্যান্ডও ভালো করেছেন। শেন ওয়াটসনের মিডিয়াম পেসও মাঝেমাঝে বেশ কার্যকর হয়ে ওঠে।
শনিবার আর্থার বলেন, “আমাদের অন্তত ১৫ জন খেলোয়াড় আছেন যারা যে কোনো মুহূর্তে মাঠে নামতে প্রস্তুত। আশা করি এই গ্রীষ্মের শেষে সেটা ২২ জনে দাঁড়াবে। আমাদের শক্তির গভীরতা আরো বাড়াতে হবে, যেটা আমরা বর্তমানে করছি। কিন্তু আমার বিশ্বাস বর্তমান পেস আক্রমণ বিশ্বসেরা হওয়ার যোগ্য।”
মেলবোর্নে ভারতের ১৯টি উইকেটই পেয়েছেন পেসাররা। ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে উমেশ যাদবের উইকেটটি শুধু পেয়েছেন লিওন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৬ ঘ.
bdnews24