ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য আরেকজন পেসার রায়ান হ্যারিসকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই পেস আক্রমণের ওপর ভর করে তারা প্রথম টেস্টে জেতে ভারতের বিপক্ষে।
চার টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
পিটার সিডল, বেন হিলফেনহস ও জেমস প্যাটিনসন, তিনজনই চমৎকার বল করেন মেলবোর্নে। তবে সিডল ও হিলফেনহসকে পেছনে ফেলে ম্যাচের সেরা খেলোয়াড় হন প্যাটিনসন।
সিডনির উইকেট থেকে সাধারণত স্পিন বোলাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। তারপরও চার পেসারকেই খেলানো প্রায় নিশ্চিত। সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়বেন নাথান লায়ন।
অধিনায়ক মাইকেল ক্লার্কের গলাতেও ফুটে উঠেছে সেই সুর, লায়নকে বাদ দেয়া নিঃসন্দেহে জুয়া খেলার সামিল। তারপরও এই জুয়া খেলতে স্বাগতিকরা রাজি আছে।
“আমি কয়েকদিন ধরে রায়ানকে নেটে বল করতে দেখছি। তিনি খুব ভালো করছেন,” বলেন ক্লার্ক।
দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, শন মার্শ, রিকি পন্টিং, মাইক হাসি, ব্র্যাড হ্যাডিন, পিটার সিডল, বেন হিলফেনহস, রায়ান হ্যারিস, জেমস প্যাটিনসন ও নাথান লায়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩০ ঘ.
bdnews24