ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম টেস্টে ২৩০ রানে এগিয়ে থাকলেও তেমন স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। বুধবার দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। এর আগে ভারতের প্রথম ইনিংস ২৮২ রানে থেমে যাওয়ায় অস্ট্রেলিয়া লিড পেয়েছে ৫১ রানের।
মেলবোর্ন ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটা দুঃস্বপ্নের মতো। উমেশ যাদবের তোপে মাত্র ২৭ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার (৫), এড কাওয়ান (৮), শন মার্শ (৩) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (১)। ক্লার্কের উইকেট অবশ্য ইশান্ত শর্মার।
অস্ট্রেলিয়ার মহা বিপর্যয়ে হাল ধরেন রিকি পন্টিং ও মাইক হাসি। পঞ্চম উইকেটে দুজনের ১১৫ রানের জুটি কিছুটা স্বস্তি ফিরিয়ে আনে স্বাগতিকদের শিবিরে।
৬০ রান করা পন্টিংকে বীরেন্দর শেবাগের ক্যাচ বানিয়ে জহির খান জুটিটা ভাঙ্গার পর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
তবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম হাসি লড়ে যাচ্ছেন একাই। দিনশেষে তিনি ৭৯ রানে অপরাজিত।
৪৯ রানে ৪ উইকেট নেয়া যাদব ভারতের সেরা বোলার। ৩২ রানে জহির খানের শিকার দুটি।
এর আগে ৩ উইকেটে ২১৪ রান নিয়ে খেলা শুরু করে বেন হিলফেনহসের করা দিনের দ্বিতীয় বলেই রাহুল দ্রাবিড়কে হারায় ভারত। আগের দিনশেষে ৬৮ রানে অপরাজিত দ্রাবিড় আর কোনো রান না করেই বোল্ড হয়ে যান।
অতিথিদের নিয়মিত বিরতিতে উইকেট হারানোর শুরুও তার পর থেকেই। ভিভিএস লক্ষ্মণ (২), বিরাট কোহলি (১১) এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৬) সম্পূর্ণ ব্যর্থ।
ব্যতিক্রম শুধু রবিচন্দ্রন অশ্বিন। তিনটি চার ও একটি ছক্কায় ৩৫ বলে ৩১ রান করেন তিনি।
৭৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন হিলফেনহস। টেস্টে এটি তার প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। পিটার সিডল ৩ ও জেমস প্যাটিনসন নিয়েছেন ২ উইকেট। এই তিন জনের তোপে বুধবার মাত্র ৬৮ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএআর/১৭৩০ ঘ.
bdnews24