২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী অ্যাশেজ ইংল্যান্ডেরই থাকবে: কলিংউড

অস্ট্রেলীয় ক্রিকেটের পালাবদল চললেও তা নিয়ে তেমন উচ্ছ্বসিত নন পল কলিংউড। ইংল্যান্ডের এই অলরাউন্ডারের বিশ্বাস, ২০১৩ সালেও অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশেজ পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলীয় ক্রিকেটের পালাবদল চললেও তা নিয়ে তেমন উচ্ছ্বসিত নন পল কলিংউড। ইংল্যান্ডের এই অলরাউন্ডারের বিশ্বাস, ২০১৩ সালেও অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশেজ পুনরুদ্ধার করা সম্ভব হবে না। গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৬৮টি টেস্ট খেলা কলিংউড। এ মাসের শুরু থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে খেলার সুবাদে দেশটির ক্রিকেট খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন তিনি। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, “১০-১৫ বছর ধরে অস্ট্রেলিয়াই ছিলো সেরা দল। কিন্তু গ্রেট ক্রিকেটারদের অবসরের পর নতুনদের আগমনে অন্য দলগুলোর যে অবস্থা হয়, অস্ট্রেলিয়া এখন সে ধরণের পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। একটি দলের পুনর্গঠিত হতে ও ধারাবাহিকভাবে জয় পেতে সময় লাগবেই।” কলিংউড বরং স্বদেশের সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “(টেস্ট র‌্যাংকিংয়ে) ইংল্যান্ডের শীর্ষে থাকাটা দারুণ ব্যাপার। বিশ্বসেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল হওয়ার মতো খেলোয়াড় ইংল্যান্ড দলে আছে।” “তবে আমরা এখনো ইংল্যান্ডের এই দলটির সেরাটা দেখতে পাইনি। (কোচ) অ্যান্ডি ফ্লাওয়ার, (টেস্ট অধিনায়ক) অ্যান্ড্রু স্ট্রাউস ও (ওয়ানডে অধিনায়ক) অ্যালিস্টার কুক দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন দলকে। দলের প্রত্যেকে আরো ভালো করার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমার তো মনে হয় ২০১৩ সালেও ইংল্যান্ড অ্যাশেজে হারবে না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৮ঘ.