ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার অবসর নিয়ে ইদানীং ক্রিকেট দুনিয়ায় কম গুঞ্জন নয়। তবে ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ৬২ রানের ভালো একটা ইনিংস খেলা রিকি পন্টিংয়ের ব্যাট সমালোচকদের জবাব দিলো দারুণভাবে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সেজন্য শচীন টেন্ডুলকারের মতো বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারদের কাছে কৃতজ্ঞ।
গত সপ্তাহে ৩৭ বছর পূর্ণ করা পন্টিং জানিয়েছেন, অন্যদের মতো তিনিও বয়সে বড় ক্রিকেটারদের কাছ থেকে অনুপ্রেরণা পান। তাদেরই একজন ৩৮ বছর বয়সী টেন্ডুলকার।
পন্টিং বলেন, “আমার ধারণা তাদের (টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়) প্রত্যেককে অনুপ্রাণিত করা উচিৎ।”
“আমি সব সময়ই বিশ্বাস করি ক্রিকেটে বয়স তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। (সাফল্যের জন্য) খিদে ও আকাক্সক্ষা দুটোই এখনো আগের মতোই আছে আমার। আমি আগের মতো কঠোর পরিশ্রমও করছি।”
তবে আরেকটি অর্ধশতককে শতকে পরিণত করতে না পারার হতাশা লুকিয়ে রাখতে পারেননি পন্টিং।
তিনি বলেন, “সোমবার বড় রান করতে না পারা ভীষণ হতাশার ছিলো আমার জন্য। এই নিয়ে সর্বশেষ পাঁচটি টেস্ট ইনিংসের তিনটিতেই অর্ধশতক করলাম আমি। ক্রিকেটে অবশ্য এমনটা হয়ই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২০ঘ.
bdnews24