২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের ব্যাটিংয়ে ভালোই জবাব দিচ্ছে ভারত

রাহুল দ্রাবিড়ের ব্যাটিংয়ের ওপর ভর করে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম পালার জবাব ভালোভাবেই দিচ্ছে ভারত। দ্বিতীয় দিন শেষে মঙ্গলবার রান তুলেছে তিন উইকেটে ২১৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 07:35 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাহুল দ্রাবিড়ের ব্যাটিংয়ের ওপর ভর করে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম পালার জবাব ভালোভাবেই দিচ্ছে ভারত। দ্বিতীয় দিন শেষে মঙ্গলবার রান তুলেছে তিন উইকেটে ২১৪। অস্ট্রেলিয়ার প্রথম পালা থেমে যায় ৩৩৩ রানে। রাহুল দ্রাবিড় উইকেটে আছেন ৬৮ রান নিয়ে। অন্য প্রান্তে এখনো হিসেবের খাতা খোলেননি ‘নাইট-ওয়াচম্যান’ ইশান্ত শর্মা। দ্রাবিড় তার ১৮৫ বলের ইনিংসটি সাজান ছয়টি চার দিয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২২ রানের মাথায় মাত্র ৩ রান করে উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর বিদায় নিলে বড় ধরনের ধাক্কা খায় ভারত। কিন্তু বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড় ধাক্কা শুধু সামালই দেননি, রানের পালে হাওয়া লাগানোর ব্যবস্থাও করে দেন। দলীয় ৯৭ রানের মাথায় ৬৭ রান করে শেবাগ ফিরে যাওয়ার পর শচীন টেন্ডুলকার ও দ্রাবিড় ঠিকই হাওয়া লাগান পালে। রাহুল দ্রাবিড় তার স্বভাব সূলভভঙ্গিতে ধীর-স্থিরভাবে খেলে যান দিনের শেষ পর্যন্ত। তবে বরাবরের মতো শেবাগ ছিলেন আক্রমণাত্মক। টেন্ডুলকারও ব্যাট করেন আক্রমণাত্মক ভঙ্গিতে। দলীয় ২১৪ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পিটার সিডলের বলে বোল্ড হওয়ার আগে ৯৮ বলে ৭৩ রান করেন তিনি। দড়ির ওপারে বল পাঠান তিনি আটবার। এছাড়া একবার হাওয়ায় ভাসিয়ে। মাঠে নেমেই উইকেটের সঙ্গে নিজেকে চমৎকারভাবে মানিয়ে নিয়েছিলেন টেন্ডুলকার। তিনি এমনভাবে ব্যাট করছিলেন যে মনে হচ্ছিল শততম শতকের দেখা তিনি পেয়েই যাবেন মেলবোর্নে। কিন্তু ক্রিকেট-বিধাতার মনে ছিল অন্য ভাবনা, তাকে ও তার ভক্তদের অপেক্ষায় রাখা। শেবাগ তার ৬৭ রান করার পথে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। তার ৮৩ বলের ইনিংসে চার রয়েছে সাতটি। অস্ট্রেলিয়ার পক্ষে উইকেট তিনটি ভাগাভাগি করে নেন জেমস প্যাটিনসন, বেন হিলফেনহস ও পিটার সিডল। এ জন্য প্যাটিনসনের খরচ হয় ৩৫ রান, হিলফেনহসের ৫০ ও সিডলের ৫৩। সকালে ছয় উইকেটে ২৭৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে ৯ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। জহির খানের বলে বীরেন্দর শেবাগের হাতে ধরা পড়ার আগে তিনি তার ২১ রানের সঙ্গে যোগ করেন মাত্র ৬। সুবিধা করতে পারেননি আগের দিনে অপর অপরাজিত ব্যাটসম্যান পিটার সিডলও। তিনি তার ৩৬ রানের ইনিংসের সঙ্গে যোগ করেন কেবল ৫। দলীয় ২৯১ রানের মাথায় তিনিও সাজঘরে ফিরে যান জহিরের বলে। তবে তিনি ধরা পড়েন উইকেটের পেছনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। তিনি তার ৯৯ বলের ইনিংসটি সাজান চারটি চার দিয়ে। এছাড়া হিলফেনহস ও নাথান লায়নের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৯ ও ৬ রান। আর ১৮ রানে অপরাজিত থাকেন প্যাটিনসন। ভারতের পক্ষে জহির চার উইকেট নেন ৭৭ রানে। এছাড়া তিনটি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। এ জন্য অশ্বিনের খরচ হয় ৮১ রান ও যাদবের ১০৬। চার টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৩ জানুয়ারি সিডনিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩০ ঘ.