২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই অর্ধশতকে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

এড কাওয়ান ও রিকি পন্টিংয়ের অর্ধশতকের সুবাদে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৭৭ রান করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এড কাওয়ান ও রিকি পন্টিংয়ের অর্ধশতকের সুবাদে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৭৭ রান করেছে অস্ট্রেলিয়া। ব্র্যাড হ্যাডিন ২১ ও পিটার সিডল ৩৪ রানে ব্যাট করছেন। এই জুটি ৬৩ রানে অবিচ্ছিন্ন থেকে প্রথম দিন শেষ করে ম্যাচে দলকে এগিয়ে রাখেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন অভিষিক্ত কাওয়ান ও ডেভিড ওয়ার্নার। ভারতের নতুন বলের দুই বোলার জহির খান ও ইশান্ত শর্মাকে বেশ ভালোভাবেই সামাল দেন তারা। কিন্তু বদলি বোলার হিসেবে এসে উমেশ যাদব আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা ওয়ার্নারকে (৩৭) দলীয় ৪৬ রানে মহেন্দ্র সিং ধোনির ক্যাচে পরিণত করলে প্রথম সাফল্য পায় ভারত। দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। বোলার সেই যাদব। ছয় বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি শন মার্শ। তৃতীয় উইকেটে কাওয়ান ও রিকি পন্টিং মিলে ১১৫ রান যোগ করে প্রাথমিক ওই ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। দলীয় ১৫৯ রানে পেসার যাদবের তৃতীয় শিকারে পরিণত হন পন্টিং। তার আগে অবশ্য নিজের ৫৯তম টেস্ট অর্ধশতক তুলে নেন তিনি। ৬টি চারের সাহায্যে ৯৪ বলে ৬২ রান করেন পন্টিং। চতুর্থ উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে আরো ৪৬ রান যোগ করেন কাওয়ান। ভারতের জন্য বিপদজনক হয়ে উঠতে থাকা এই জুটি ভাঙ্গেন জহির খান। পরপর দুই বলে তিনি সাঝঘরে ফেরত পাঠান ক্লার্ক (৩১) ও মাইকেল হাসিকে (০)। সেই সঙ্গে খেলায় ফেরে সফরকারীরা। ৯ রান পর আবারো আঘাত হানে ভারত। এবার রবীচন্দ্রন অশ্বিন ফিরিয়ে দেন অভিষেকেই ধৈর্য্যশীল ইনিংস খেলতে থাকা কাওয়ানকে (৬৮)। তার ১৭৭ বলের ইনিংসে ৭টি চার। ভারতের পক্ষে যাদব ৩ উইকেট নেন ৯৬ রানে। জহির ৪৯ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৪২৭ ঘ.