ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -মেলবোর্নে সোমবার বক্সিং ডে টেস্টে আকর্ষণীয় এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা তাদের ব্যাটিং নিয়ে, ভারতের দুর্বলতা বোলিংয়ে। সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
অস্ট্রেলিয়া তাদের সর্বশেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে হারের তিক্ত স্মৃতি নিয়ে এই ম্যাচে খেলতে নামবে। ১৯৯৩ সালের পর প্রথম দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হারলো অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ‘সুইং’ বলে দুর্বলতা বেশ প্রকটভাবে ফুটে ওঠে। এদিকে বাতাস এবং পিচ উভয় জায়গায় ‘সুইং’ আদায় করতে পারদর্শী ভারতের দুই পেসার জহির খান ও ইশান্ত শর্মা।
যদিও চোট কাটিয়ে শন মার্শ ফিরে আসায় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শক্তি বাড়বে। এছাড়া নতুন মুখ তাসমানিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান এড কাওয়ানকে নিয়েও বেশ আশাবাদী স্বাগতিক শিবির। তবে দলের বড় সংগ্রহের জন্য অস্ট্রেলিয়ার অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রিকি পন্টিং ও মাইকেল হাসির রান পাওয়া খুব জরুরী। বেশ কিছুদিন ধরেই রান খরায় ভুগছেন এই দুই ব্যাটসম্যান।
স্বস্তিতে নেই ভারতীয় শিবিরও। গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরেছেন জহির ও ইশান্ত। জহিরের তো অস্ত্রপচার করাতে হয়েছে। ইশান্তকেও হয়তো অস্ট্রেলিয়া সফর শেষে অস্ত্রপচার করাতে হবে।
আর উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
বরাবরই ভারত ব্যাটসম্যানদের দল। এবারও তার ব্যতিক্রম নয়। বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণ ভারতের মূল চার ব্যাটিং স্তম্ভ। এর মধ্যে শেষ তিনজন ভারতের হয়ে আর হয়তো অস্ট্রেলিয়ায় খেলতে আসতে পারবেন না। তাই খেলোয়াড় হিসেবে নিজেদের শেষ অস্ট্রেলিয়া সফর স্মরণীয় করে রাখতে চান তা আর বলার অপেক্ষা রাখে না। এবছরটা দারুণ কাটছে দ্রাবিড়ের। এরই মধ্যে এবছর টেস্টে পাঁচটি শতক পেয়ে গেছেন। আর টেন্ডুলকার ও লক্ষ্মণের তো প্রিয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তরুণ ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বিরাট কোহলী এরই মধ্যে নিজেদের প্রমাণ করেছেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো আছেনই।
অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ। তবে অস্ট্রেলিয়ার সর্বশেষ বেশ কয়েকটি টেস্ট জয়ের নায়ক এই তরুণ বোলাররাই। জেমস প্যাটিনসন, পিটার সিডল ও বেন হিলফেনহসকে নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। নাথান লিওন থাকছেন স্পিন আক্রমণে। অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে শেন ওয়াটসনকে।
সিরিজে চারটি টেস্ট খেলবে উভয় দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫৩ ঘ.
bdnews24