ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া এখন আর আগের মত অপ্রতিরোধ্য নয়। তার উপর গত প্রায় একবছর ধরে দেশের মাটিতে হেরেছে একাধিক টেস্ট। ভারতের বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে তাই বেশ চাপে রয়েছে অস্ট্রেলিয়া।
এক বছর আগে অ্যাশেজে বক্সিং ডে টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। প্রথম ইনিংসে ৫০ ওভারও ব্যাট করতে পারেনি স্বাগতিকরা। ক্রিস ট্রেমলেট ও জেমস অ্যান্ডারসনের তোপের মুখে ৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা, ওই ম্যাচ জিতে দুই যুগেরও বেশি সময় পর অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারায় ইংল্যান্ড।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে ৪৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। কয়েকদিন আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে হেরে যায় তারা।
ব্যাটসম্যানদের ধারাবাহিক এই ব্যর্থতা চাপে ফেলছে দলকে। উপরের সারিতে দলের সবচেয়ে নবীন দুই সদস্য ডেভিড ওয়ার্নার ও শন মার্শই কেবল যা একটু সফল। তারা ছাড়া গত এক বছরে অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটসম্যানের গড় ৪০ এর উপরে নেই।
‘সুইং’ বলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দুর্বলতা এখনো কাটেনি। অন্য দিকে ভারত দলের দুই পেসার জহির খান ও ইশান্ত শর্মা বল ‘সুইং’ করানোর ব্যাপারে বেশ পারদর্শী। বাতাস এবং পিচ উভয় জায়গায় ‘সুইং’ আদায় করে নিতে পারেন তারা। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন ব্যাটসম্যানদের নিজেদের স্বাভাবিক খেলাই খেলা উচিৎ।
কঠিন কন্ডিশনেও দল ভালো ব্যাট করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, “আমি মনে করি প্রথমে ব্যাট করলে স্বাভাবিক খেলা খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের সামর্থ্যরে ওপর ভরসা থাকাটা খুব জরুরি। আমরা এ নিয়ে যথেষ্ট কাজ করেছি, সুতরাং এটি প্রস্তুতি ঘাটতির ব্যাপার নয়।”
“ব্যাটিং নিয়ে আমরা বাড়তি পরিশ্রম করেছি। কারণ, আমরা জানি নতুন বল সামলানোর ক্ষেত্রে আমাদের আরো দক্ষ হতে হবে। আমি অবশ্যই উন্নতি চাই। আমরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছি, দলের যে কোনো সদস্যের ব্যাপারে একথা আমি বলতে পারি,” যোগ করেন তিনি।
গত বছর বক্সিং ডে টেস্টে খেলা অস্ট্রেলিয়া দলের পাঁচ সদস্য এবার দলে নেই।
এই টেস্টের গুরুত্ব বোঝাতে গিয়ে ক্লার্ক বলেন, “তারিখের কারণেই এটা খুব গুরুত্বপূর্ণ। এটা বক্সিং ডে টেস্ট ম্যাচ। এটা সত্যিই একটা বিশেষ টেস্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আমরা বেশ শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলবো। আমি মনে করি যে কোনো টেস্টের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাট বা বল যাই করি, শুরুটা ভালো হতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯০৯ ঘ.
bdnews24