২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম হিউজের চোখে শেবাগই সবচেয়ে বড় হুমকি

ভারতের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে আসন্ন সিরিজে অস্ট্র্রেলিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক কিম হিউজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে আসন্ন সিরিজে অস্ট্র্রেলিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক কিম হিউজ। সোমবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ভারতীয় দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান থাকলেও হিউজের ধারণা এই সিরিজের ফলাফল নির্ধারণে শেবাগের ব্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, “শেবাগ অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দিতে পারেন। কারণ তিনি দলকে দুর্দান্ত সূচনা এনে দিতে সক্ষম। আর আমাদের উইকেটে খেলতেও পছন্দ করেন তিনি।” অস্ট্রেলিয়াকে ৭০টি টেস্ট ও ৯৭টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করা হিউজের ধারণা, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বারের মতো টেস্ট সিরিজ জয়ের জন্য এটাই ভারতের সেরা সুযোগ। তিনি বলেন, “দেশের বাইরে ভারতের তেমন সাফল্য নেই। এ বছরই ইংল্যান্ড সফরে পর্যুদস্ত হয়েছে তারা। তবে ইংল্যান্ড এখন অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ভালো দল। চোটজনিত সমস্যার কারণে অস্ট্রেলিয়া এখন সাধারণ মানের দলে পরিণত হয়েছে। তাই এটাই ভারতের জন্য সেরা সুযোগ।” অস্ট্রেলিয়াকে ২৮টি টেস্টে নেতৃত্ব দেয়া হিউজ মনে করেন, অস্ট্রেলিয়ার চেয়ে ভারতের ব্যাটিং লাইনআপ অনেক ভালো। এ প্রসঙ্গে তিনি বলেন, “শচীন টেন্ডুলকার দুর্দান্ত ব্যাটসম্যান। রাহুল দ্রাবিড় অসাধারণ ছন্দে আছেন। আর ভিভিএস লক্ষ্মণ ও শেবাগ তো সব সময়ই অস্ট্রেলিয়ায় ভালো খেলেন। তাদের বিপক্ষে তরুণ স্পিনার নাথান লিয়ন এবং তিন তরুণ পেসার জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক ও পিটার সিডলকে কঠিন পরীক্ষাতেই পড়তে হবে।” “অন্যদিকে আমাদের ব্যাটিং বেশ ভঙ্গুর। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুটি সিরিজেও তা দেখা গেছে” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৫ঘ.