ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় ও শেষ পর্বের খেলা পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ জোয়ারদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় লিগের দ্বিতীয় পর্যায়ের শেষ পর্ব ও ফাইনাল অনিবার্য কারণে পিছিয়ে দেয়া হয়েছে। কবে হবে তা এখনো ঠিক হয়নি। তবে দ্রুতই তারিখ ঘোষণা করা হবে।”
তৃতীয় পর্বে খুলনার বিপক্ষে ঢাকা মেট্রো এবং রাজশাহীর বিপক্ষে সিলেট খেলবে।
৯ খেলা শেষে ১০২.৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। ফাইনালে খেলার পথে তারা অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে।
অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করা ঢাকা মেট্রো যেন খেই হারিয়ে ফেলেছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বে সিলেটের সঙ্গে ড্র করার পর রাজশাহীর কাছে হেরে গেছে তারা। তাই ফাইনালে খেলার স্বপ্ন অনেকখানি ফিকে হয়ে গেছে জাতীয় লিগে ফেরা ঢাকা মেট্রোর। ৯ খেলা শেষে ৮৭.৪৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চার নম্বরে।
৯৫.৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিলেট। তবে তৃতীয় স্থানে থাকা রাজশাহীর (৯৩.৯৮) সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দুইয়েরও কম। খুলনার কাছে হেরে গেলেও ঢাকা মেট্রোর বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয় ফাইনালের স্বপ্ন উজ্জ্বল করে তুলেছে রাজশাহীর।
খুলনা ৮০.৮৪, ঢাকা মেট্রো ৮০.৪৬, সিলেট ৭৪.২৮ ও রাজশাহী ৭৩.৯৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৯ঘ.
bdnews24