ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেকের মতেই তিনি অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান। তিনি নিজে ছিলেন বাঁহাতি। সেজন্যই বোধহয় অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এড কাওয়ান সম্পর্কে বিল লরির কণ্ঠে উচ্ছ্বাসের ঢেউ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে কাওয়ানকে রাখায় অস্ট্রেলিয়ার নির্বাচকদের প্রশংসায়ও পঞ্চমুখ লরি।
১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত ৬৭ টেস্ট খেলে ৫,২৩৪ রান করা লরির বিশ্বাস, আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত ডেভিড ওয়ার্নারের সঙ্গে কাওয়ানের উদ্বোধনী জুটি সফল হবেই।
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে সর্বশেষ দুটি টেস্ট সিরিজে উদ্বোধনী জুটি নিয়ে ভালোই ভুগতে হয়েছে অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ওয়ার্নার-ফিলিপ হিউজ জুটি ৭২, ৭, ১১ এবং ৩ রানের বেশি দলকে দিতে পারেনি। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেন ওয়াটসন ও হিউজের উদ্বোধনী জুটি চার ইনিংসে ০, ১৭৪, ৪ এবং ৯ রান করেছিলো।
‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে লরি বলেন, “আমার ধারণা অস্ট্রেলিয়া একটি চিরায়ত উদ্বোধনী জুটির খোঁজ করছে এবং দলের প্রয়োজন তারা (কাওয়ান ও ওয়ার্নার) ভালোভাবেই মেটাতে সক্ষম। দুজন ভিন্ন ধরনের ব্যাটসম্যান হওয়ায় সিদ্ধান্তটা ভালোই হয়েছে। তাদের জন্য এবং দলের জন্যও নিখুঁত হতে পারে এই সিদ্ধান্ত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০২ঘ.
bdnews24