ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের কাছে বাংলাদেশ ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও আপন আলোয় উজ্জ্বল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শেষ টেস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর এবার আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।
মিরপুরে শেষ টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও ওই ম্যাচে ব্যাট-বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান ২৪ বছর বয়সী সাকিব। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচে শতক (১৪৪) ও পাঁচ উইকেট নেন তিনি (৬/৮২)।
এই নৈপুন্যের সুবাদেই জ্যাক ক্যালিসকে (৩৯৭ রেটিং) সরিয়ে সাকিব (৪০৪ রেটিং) এখন বিশ্বের সেরা টেস্ট অলরাউন্ডার।
আইসিসির সর্বশেষ ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিয়েও অনেকটা এগিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। ব্যাটিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে রয়েছেন তিনি। আর বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন সাত নম্বরে।
এর আগে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় হন সাকিব। এর মধ্যে দিয়ে ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারের আসনও পুনরুদ্ধার করেন।
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। এপ্রিলে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের কাছে শীর্ষ স্থান হারালেও সাত মাসের মাথায় শীর্ষে ফেরেন দেশ সেরা অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সফরে দলের ব্যর্থতার পর জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যেতে হয় সাকিবকে। সে সময়ই বলেছিলেন, দায়িত্ব না থাকায় এখন নির্ভার হয়ে খেলতে পারবেন তিনি।
নিজের সেই ‘স্বাভাবিক খেলা’ খেলে পরাজিত দলে থেকেও বিশ্বসেরা বাংলাদেশের সাকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৫১১ ঘ.
bdnews24