ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় দিন শেষে ৪৬ রানে পিছিয়ে থাকলেও পাকিস্তানের হাতে আছে ৭ উইকেট। অতিথিদের সামনে তাই বড় লিড নেয়ার জোরালো সম্ভাবনা। তবু দ্বিতীয় ও শেষ টেস্টে ইতিবাচক ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী নাজমুল হোসেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই পেসার বলেন, “আজ বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি আমরা। সেগুলো কাজে লাগাতে পারলে পরিস্থিতি অন্য রকম হতে পারতো।”
“তবে এখনো দুই দিনের খেলা বাকি। সবার আগে পাকিস্তানকে দ্রুত অলআউট করতে হবে আমাদের। তার পর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আমাদের ভালো ব্যাট করতে হবে। আর তা হলে আমাদের পক্ষে ইতিবাচক ফলাফল আসাও সম্ভব। অবশ্য আবহাওয়ার কথাও মাথায় রাখতে হবে,” যোগ করেন তিনি।
৭ বছর পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম বলেই উইকেট পেয়ে নাজমুল বেশ বিস্মিত। অভিষেকের ৭ বছর পর দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পেলেন। তৃতীয় টেস্ট কবে খেলবেন জানতে চাইলে একটু হেসে তিনি বলেন, “আবার ৭ বছর পর টেস্ট খেলার সুযোগ পেলে ততো দিন হয়তো ক্রিকেটেই থাকবো না!”
“অনেক দিন ধরে খেলছি। জাতীয় দলে সুযোগ না পেলেও কখনোই আশা ছাড়িনি। সব সময় কঠোর পরিশ্রম করেছি। সুযোগ পেলে শতভাগ উজাড় করে খেলার সংকল্পও ছিলো আমার,” যোগ করেন তিনি।
নাজমুল বলেন, “পরিবেশ-পরিস্থিতি পেসারদের জন্য সহায়ক হলেও উইকেট নয়। আজ (সোমবার) বোলাররা সাফল্য পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তবে বল একটু পুরনো হয়ে যাওয়ায় পেসাররা তেমন সুবিধা করে উঠতে পারেননি।”
সপ্তম টেস্ট শতক করে পাকিস্তানকে স্বস্তি এনে দেয়া তৌফিক উমরের ভাবনায় শুধুই আরেকটি জয়। তিনি বলেন, “আমরা এই টেস্টে এখন বেশ ভালো অবস্থায় আছি। এখান থেকে জয়ের কথাও ভাবতে পারি আমরা।”
“আমাদের দলে কয়েক জন বিশ্বমানের বোলার আছেন। যে কোনো দলের বিপক্ষে এক বা দুই সেশনে খেলার মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্যও তাদের আছে,” যোগ করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকেই শতক করেছিলেন তৌফিক। একই প্রতিপক্ষের সঙ্গে এবার পেলেন দ্বিতীয় শতক। এ প্রসঙ্গে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “সব শতকই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে পাওয়া শতকটি আমার কাছে বিশেষ কিছু। প্রথম বলে সেটা সব সময় মনে থাকবে।
“এ বছরের পুরোটাই আমার ভালো কেটেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষেও শতক পেয়েছি। নিউজিল্যান্ড সফরে দুটি অর্ধশতক করেছি। পাকিস্তানের পক্ষে এ বছর টেস্টে সর্বোচ্চ রানও আমার। সব মিলিয়ে দারুণ কাটছে বছরটা,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৬ঘ.
bdnews24