ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সাফল্যের কথা কারো অজানা নয়। তার জীবনের বেশ কয়েকটি স্মরণীয় ইনিংসের জন্ম অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়ায় জীবনের সম্ভাব্য শেষ সফরেও ভালো খেলতে দৃঢ় প্রতিজ্ঞ ভিভিএস লক্ষ্মণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ টেস্টে লক্ষ্মণের ব্যাটিং-গড় ৫৫.৫৮। যার মধ্যে আছে ২০০১ সালের মার্চে কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮১ রানের এক অবিস্মরণীয় ইনিংসও। ওই ইনিংসের ওপরে ভর করে ফলো অন করেও ম্যাচটি অবিশ্বাস্যভাবে জিতেছিলো ভারত।
অস্ট্রেলিয়ার মাটিতে লক্ষ্মণের সাফল্যও ঈর্ষণীয়। স্যার ডন ব্র্যাডম্যানের দেশে এ পর্যন্ত ১১টি টেস্ট খেলে চারটি শতক করেছেন তিনি। এর মধ্যে তিনটিই (১৬৭, ১৭৮ ও ১০৯) আবার সিডনি ক্রিকেট মাঠে।
এবারো তেমন সাফল্যের ব্যাপারে যথেষ্ট প্রত্যয়ী ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেন, “প্রত্যেকেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষের সঙ্গে নিজেকে প্রমাণ করতে চায়। আমার খেলা বেশির ভাগ অস্ট্রেলীয় দলেই ছিলো বেশ কয়েক জন অসাধারণ খেলোয়াড়। তাদের মুখোমুখি হওয়ার সময় কঠিন পরীক্ষাতেও পড়তে হয়েছিলো। তবে এই পরীক্ষাই আমার ভেতর থেকে সেরাটা বের করে আনে।”
অস্ট্রেলিয়ার দ্রুতগতির বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে বেশির ভাগ ভারতীয় ব্যাটসম্যানেরই সমস্যা হয়। তবে এই জায়গায় লক্ষ্মণ উজ্জ্বল ব্যতিক্রম।
এ প্রসঙ্গে তিনি বলেন, “গতি ও বাউন্স সমৃদ্ধ এবং ব্যাটে ভালো ভাবে বল আসে এমন পিচে ব্যাট করতে আমি সব সময়ই পছন্দ করি। অস্ট্রেলিয়ার মাঠগুলোর আউটফিল্ডও দ্রুতগতির হওয়ায় স্ট্রোকের পূর্ণ সদ্ব্যবহারও করা যায়।”
বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার সেই ঔজ্জ্বল্য ইদানীং অনেকখানি ম্লান। তবু মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন নতুন চেহারার দলটিকে বিন্দুমাত্র হালকাভাবে নিচ্ছেন না লক্ষ্মণ।
তিনি বলেন, “লড়াকু মনোভাব এবং কখনোই হাল না ছাড়ার প্রবণতাই অস্ট্রেলিয়াকে ভীষণ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে। তারা কোনো কিছুই সহজে ছেড়ে দেয় না। এমনকি অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটেও তারা ভীষণ লড়াকু। তারা সব সময়ই দারুণ আক্রমণাত্মক এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করতেও পারদর্শী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএনএল/১৮৫৯ ঘ.
bdnews24