২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি হারের শঙ্কায় বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দিন শেষে ৫ উইকেটে ১১৪ রান করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 04:10 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দিন শেষে ৫ উইকেটে ১১৪ রান করেছে বাংলাদেশ। নাসির হোসেন ৩০ ও মুশফিকুর রহিম ৭ রানে ব্যাট করছেন। ১৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল। তবে আম্পায়ার বিলি ডকট্রোভের বিতর্কিত সিদ্ধান্তে তামিম (২১) বিদায় নিলে খেলার চিত্র পাল্টে যায়। উমর গুলের ঠিক পরের বলেই শাহরিয়ার নাফীস (০) এলবিডব্লিউ হয়ে গেলে বিপদে পড়ে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ ও নাজিমউদ্দিন ৩০ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। আব্দুর রেহমানের একটি নিচু হয়ে যাওয়া বল ঠিকভাবে খেলতে না পেরে বোল্ড হয়ে যান নাজিম (১২)। দেখেশুনেই খেলছিলেন মাহমুদুল্লাহ। আইজাজ চিমার খাটো লেন্থের একটি বল অহেতুক তুলে মারতে গিয়ে মাহমুদুল্লাহ (৩২) তৌফিক উমরের হাতে ক্যাচ দিলে বিপদে পড়ে বাংলাদেশ। দলের বিপদে আরো বাড়িয়ে অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটি বল মারতে গিয়ে সাকিব আল হাসান (৬) আজহার আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। এর আগে সাকিবের মারাত্মক বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৭০ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ১৩২ রানের লিড পায় দলটি। সাকিব ৮২ রানে নেন ৬ উইকেট। ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। শুরুতেই ইউনুস খানকে (৪৯) ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে বড় একটা ধাক্কা দেন ইলিয়াস সানি। পঞ্চম উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক যোগ করেন ৬৬ রান। অবশ্য বাংলাদেশের ফিল্ডাররা সুযোগগুলো হাতছাড়া না করলে আরো আগেই ফিরে যেতে পারতেন এই দুই ব্যাটসম্যান। সাকিব আল হাসানের বলে মিডঅনে রবিউল ইসলামের হাতে একেবারে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান মিসবাহ-উল-হক। ঘটনাটি ১১৩ তম ওভারের প্রথম বলে। তখন ৫০ রানে ব্যাট করছিলেন মিসবাহ। সাকিবের পরের ওভারেই ব্যক্তিগত ২০ রানে ব্যাট করা আসাদ শফিক সিলি পয়েন্টে শাহরিয়ার নাফীসকে একটা সুযোগ দিয়েছিলেন। শফিক লেগের দিকে ঘুরাতে চাইলেও উপরের দিকের কানায় লেগে বল চলে আসে সিলি পয়েন্টে। কঠিন ওই সুযোগ কাজে লাগাতে পারেন নি নাফীস। চলতি বছরের ১৬ তম অর্ধশতক পাওয়া মিসবাহ শেষ পর্যন্ত থামেন ৭০ রানে। সাকিবের বলে স্লিপে মাহমুদুল্লার হাতে ধরা পড়েন তিনি। ব্যক্তিগত ৩৬ রানে আবারো জীবন পান শফিক। সানির ১২৪ তম ওভারের শেষ বলে স্লিপে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দেন তিনি। সানির বল থার্ড ম্যানের দিকে খেলতে চেয়েছিলেন শফিক। কিন্তু ব্যাটের কানায় বল চলে আসে সরাসরি মাহমুদুল্লাহর দিকে। অপ্রস্তুত মাহমুদুল্লাহ ওই সুযোগ কাজে লাগাতে পারেন নি। তবে মধ্যাহ্ন-বিরতির পর আর বেশিক্ষণ টেকেননি শফিক (৪২)। রবিউল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। সপ্তম উইকেটে আব্দুর রেহমানের সঙ্গে আরো ৪১ রান যোগ করেন আদনান আকমল। ব্যক্তিগত ২৬ রানে জীবন পান আদনান আকমল। নাসিরের করা ১৪০তম ওভারের পঞ্চম বলে শর্ট মিডউইকেটে সানির হাতে ক্যাচ দেন তিনি। লাফিয়ে উঠে বল ামাতে ক্যাচ ধরতে র্ব্য হন সানি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা রেহমানকে (২৪) মাহমুদুল্লার ক্যাচ বানিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান সাকিব। এর পর প্রায় একাই খেলেছেন আদনান (৫৩)। শেষ পর্যন্ত দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ার প্রথম অর্ধশতক আদায় করে নেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩৮ রান করে। প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০২ ঘ.