২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫১ রানে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেট পাকিস্তান করেছে ৮৭ রান। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম ইনিংসে ৩৩৮ রান করে বাংলাদেশ। স্বাগতিকরা এখনো এগিয়ে রয়েছে ২৫১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১ উইকেট পাকিস্তান করেছে ৮৭ রান। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম ইনিংসে ৩৩৮ রান করে বাংলাদেশ। স্বাগতিকরা এখনো এগিয়ে রয়েছে ২৫১ রানে। তৌফিক উমর ৪৪ ও আজহার আলী ২৬ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে এ পর্যন্ত ৬৪ রান যোগ করেছেন। ব্যক্তিগত ১০ রানে রবিউল ইসলামের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন থেকে বেঁচে যান আজহার। অফ স্ট্যাম্পের বাইরের একটি বল না খেলে ছেড়ে দেন তিনি। তাকে চমকে দিয়ে বল অনেক খানি ভেতর দিকে ঢুকে প্যাডে আঘাত করে। বল একটু ওপরের দিকে লাগলেও আউটের ব্যাপারে অনেকখানি নিশ্চিত ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। দলীয় ২৩ রানে পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন মোহাম্মদ হাফিজ (১৪)। তাকে আউট করে সাত বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম বলেই উইকেট নেন নাজমুল হোসেন। এর আগে সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা ১৪৪ রানের সুবাদে প্রথম ইনিংসে লড়াই করার পুঁজি গড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে ৩৬১ রান করে দলটি। ৫ উইকেটে ২৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ঘন কুয়াশার কারণে সকালে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে খেলা শুরু হয়। দিনের প্রথম সেশনে সাকিব ও অধিনায়ক মুশফিকুর রহিম ৫১ রান যোগ করেন। দ্বিতীয় নতুন বল নেয়ার পর প্রথম দিকে সাকিব, মুশফিক একটু অস্বস্তি¡তে পড়লেও দ্রুত তা কাটিয়ে উঠেন। দেখে শুনে খেলে ষষ্ঠ উইকেটে ৮২ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন তারা। পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০০৩ সালে মুলতানে রাজিন সালেহ ও খালেদ মাসুদ পাইলট ৬২ রান করেন। এক পর্যায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩০৫ রান। সেখান থেকে আর মাত্র ৩৩ রান যোগ করে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ধ্বংসযজ্ঞের শুরু সাকিবকে দিয়ে। মুশফিকের ডাকে সাড়া দিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। আউট হওয়ার পর বিশ্বাসই হচ্ছিল না সাকিবের। অনেকক্ষণ জায়গায় দাঁড়িয়ে মুশফিকের দিকে তাকিয়ে ছিলেন তিনি। তার ২৪২ বলের ইনিংসে ১৫টি চার। এর আগে ২০১০ সালে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক ১০০ রান করেন তিনি। পরের ওভারেই উমর গুলের বলে আদনান আকমলকে ক্যাচ দিয়ে মুশফিক (৪০) বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বলে ক্যাচ দেন তিনি। এর পর প্রায় একাই লড়াই করেছেন শাহাদাত হোসেন। শেষ পর্যন্ত ২১ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ইলিয়াস সানি ১২ রান করেন। রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরেন শেষ দুই ব্যাটসম্যান রবিউল ইসলাম ও নাজমুল। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন আইজাজ চিমা ও গুল। এ জন্য চিমা দেন ৭৩ রান। গুল ১০২। প্রথম টেস্ট হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে আছে স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৪৫ ঘ.