২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস থেকে অনুপ্রেরণা খুঁজছেন মুশফিক

পাকিস্তানের এবারের সফরে বাংলাদেশ একেবারে পর্যুদস্ত। প্রতিটি ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ শেষ খেলায় মাঠে নামার আগে বিজয় দিবস থেকে অনুপ্রেরণা খুঁজছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সেই প্রত্যয়ই প্রতিধ্বনিত হলো বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের এবারের সফরে বাংলাদেশ একেবারে পর্যুদস্ত। প্রতিটি ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ শেষ খেলায় মাঠে নামার আগে বিজয় দিবস থেকে অনুপ্রেরণা খুঁজছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সেই প্রত্যয়ই প্রতিধ্বনিত হলো বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করে দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো খেলার সংকল্পের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকের (শুক্রবার) দিনটা আমাদের জন্য বিশেষ একটি দিন। এটাই আমাদের ভালো খেলার উৎসাহ যোগাচ্ছে। দলের সবাই এই মাসের মর্যাদা সম্পর্কে অবগত। আমরা ১৯৭১ সালের স্মরণে ভালো কিছু করতে চাই।” টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টে বারবার পরিবর্তন এনেও বাংলাদেশ এখনো সেরা দলটা খুঁজে পায়নি বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “আমরা এখনো সঠিক ‘কম্বিনেশন’ খুঁজে পাইনি। দুঃখজনকভাবে আমাদের প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সেরা দল খুঁজে না পেলে সাফল্য পাওয়া খুবই কঠিন।” “আমাদের সেরা ব্যাটসম্যানরা এই সিরিজে রান পান নি। তাই প্রতি ম্যাচেই চাপ বেড়ে যাচ্ছে। এটাই আমাদের হারের প্রধান কারণ,” যোগ করেন তিনি। চট্টগ্রামে ব্যাটিং সহায়ক উইকেটে রান না পাওয়ার কষ্ট কিছুতেই ভুলতে পারছেন না মুশফিক। তিনি বলেন, “প্রথম টেস্টে আমরা উইকেটের সুবিধা কাজে লাগাতে পারিনি। দলের ব্যাটসম্যানরাও তা ভালো ভাবে জানেন। চট্টগ্রামে আমরা অযথা অনেক বেশি শট খেলেছি।” “এই সিরিজে আমাদের ব্যাটিং খুবই খারাপ হয়েছে। আশা করি এই টেস্টে ভালো ব্যাটিং করে আমরা আত্মবিশ্বাস ফিরে পাবো।” এই সিরিজে বাংলাদেশের আর হারানোর কিছু নেই বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “দ্বিতীয় টেস্টে ফলাফল নয়, আমাদের লক্ষ্য সেশন ধরে-ধরে খেলা। সা¤প্রতিক সময়ে প্রথম ইনিংসে বেশ কয়েক বার দ্রুত অলআউট হয়েছি আমরা। এই সমস্যা থেকে বেরিয়ে আসা দরকার। মিরপুরে প্রথম ইনিংসে অন্তত ২৫০ রান করতে চাই।” “আমি মনে করি আমরা নিজেদের ক্ষমতার ষাট শতাংশও খেলতে পারিনি। এটাই সিরিজে ফিরে আসা কঠিন করে তুলেছে। এখন দলগতভাবে ভালো খেলার দিকেই আমাদের নজর দেয়া উচিৎ,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৯ঘ.