২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মুশতাক একাদশের জয়

বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে ক্রিকেটাররা মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করেছেন গভীর, বিনম্র শ্রদ্ধায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এই ম্যাচে শহীদ মুশতাক একাদশ ১২৯ রানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশকে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে ক্রিকেটাররা মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করেছেন গভীর, বিনম্র শ্রদ্ধায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এই ম্যাচে শহীদ মুশতাক একাদশ ১২৯ রানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশকে । তবে হার-জিত নয়, বরং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ক্রীড়াবিদদের শ্রদ্ধা জানানোই ক্রিকেটারদের কাছে মুখ্য ছিলো। শুক্রবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শহীদ মুশতাক একাদশকে ব্যাটিংয়ে পাঠায় শহীদ জুয়েল একাদশ। ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ৭৫ ও শুভাগত হোম চৌধুরীর ৬৩ রানের সুবাদে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ৩০৩ রান করে শহীদ মুশতাক একাদশ। জবাবে ৩০ ওভার ১ বলে ১৭৪ রান করে অলআউট হয়ে যায় শহীদ জুয়েল একাদশ। সর্বোচ্চ ৫০ রান আসে ফরহাদ হোসেনের ব্যাট থেকে। শহীদ মুশতাক একাদশের পক্ষে মাহমুদুল হাসান লিমন নেন ৩ উইকেট। এর আগে এই প্রীতি ম্যাচের উদ্বোধন করেন বিসিবির সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি। এ সময় তিনি বলেন, “এটি নিছকই একটি ম্যাচ নয়। মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদকে শ্রদ্ধা জানাতে বিসিবির ক্ষুদ্র প্রয়াস।” “যাঁদের আত্মত্যাগে এই দেশ আজ স্বাধীন তাঁদের আমরা স্মরণ করতে চাই। শহীদদের চরম আত্মত্যাগ ও সাহসিকতাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি,” যোগ করেন তিনি। এই ম্যাচে অনেক বার খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ম্যাচ সেরার পুরস্কার দিতে এসে আবেগাপ¬ুত হয়ে পড়েন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা আমাদের ক্রিকেটের ঐতিহ্য। এই ম্যাচ আমাদের মনে করিয়ে দেয় দেশের স্বাধীনতার জন্য ক্রীড়াবিদদের অবদানের কথা। শহীদদের শ্রদ্ধা জানাতেই এই ম্যাচ।” “বিসিবিকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। তবে তারা শহীদ মুশতাক ও শহীদ জুয়েলের ছবি দিয়ে লিফলেট বানিয়ে তা বিলি করতে পারতো। এ বছর হয়নি। আশা করি আগামী বছর তারা এদিকে নজর দেবে,” যোগ করেন তিনি। এই নিয়ে তিনবার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিলেন শুভাগত। ম্যাচ সেরা সৌম্য সরকারের সঙ্গে দারুণ এক জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন তিনি। ম্যাচ শেষে শুভাগত বলেন, “ক্রিকেটারদের জন্য এই ম্যাচ বিশেষ কিছু। শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই ম্যাচে খেলতে পেরে গর্ব অনুভব করছি। আশা করি এই ম্যাচ ক্রিকেটারদের আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৪৭ঘ.