২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় শুরুতেই অস্বস্তিতে ভারত

অস্ট্রেলিয়া সফরের প্রথম দিনটা ভালো কাটেনি ভারতের। বৃহস্পতিবার ক্যানবেরায় ভারতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে ৩৯৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশ। বোলারদের ব্যর্থতার পাশাপাশি ‘চোটপ্রবণ’ পেসার ইশান্ত শর্মার মাত্র ৫ ওভার ৩ বল করে মাঠের চলে যাওয়াও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে অতিথিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া সফরের প্রথম দিনটা ভালো কাটেনি ভারতের। বৃহস্পতিবার ক্যানবেরায় ভারতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে ৩৯৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশ। বোলারদের ব্যর্থতার পাশাপাশি ‘চোটপ্রবণ’ পেসার ইশান্ত শর্মার মাত্র ৫ ওভার ৩ বল করে মাঠের চলে যাওয়াও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে অতিথিদের। ভারতের শুরুটা কিন্তু খারাপ হয়নি। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে অধিনায়ত্ব করা রাহুল দ্রাবিড় টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রতিপক্ষকে। উমেশ যাদব ও প্রজ্ঞান ওঝা ৪৫ রানের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে চাপের মধ্যেও ফেলে দেন স্বাগতিক দলকে। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান ওয়েস রবিনসন ও চার নম্বরে নামা টম কুপারের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সভাপতি একাদশ। দুজনে তৃতীয় উইকেটে ২২৬ রানের চমৎকার এক জুটি উপহার দেন দলকে। ১৩টি চার ও ৬টি ছক্কায় ২১৫ বলে ১৪৩ রান করা রবিনসনকে ফেরান ওঝা। তবে ওয়ানডেতে নেদারল্যান্ডসকে প্রতিনিধিত্ব করা কুপারকে কেউ আউট করতে পারেননি। মাত্র ১৯৪ বলে ২৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ১৮২ রান করে অপরাজিত থাকেন তিনি। বিনয় কুমারের করা ৮৬তম ওভারের পঞ্চম বলে ডিন সলওয়ে উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দেয়ার পর ওই ওভার শেষে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৩৯ রানে ৩ উইকেট নেয়া যাদব ছাড়া আর কেউ ভারতকে আশ্বস্ত করার মতো বল করতে পারেননি। ২ উইকেট নিলেও তার জন্য ওঝার খরচ ১৪৯ রান! ম্যাচের নিয়মানুযায়ী শুক্রবার জয়ের জন্য ৮৬ ওভারে ৩৯৯ রান করতে হবে ভারতকে। যে লক্ষ্যে ব্যাট করতে নামার সময় টেন্ডুলকার-দ্রাবিড়-লক্ষ্মণদের বিশাল অভিজ্ঞতা বিশ্ব চ্যাম্পিয়নদের ভরসা দেবেই। তবে অস্ট্রেলিয়া সফরে ইশান্তের ওপরে তারা কতটুকু ভরসা রাখতে পারবে তা বলা একটু মুশকিলই। বৃহস্পতিবার ম্যাচের প্রথম ওভারটাই করলেও এরপর বার দুয়েক মাঠের বাইরে যেতে হয়েছে এই দীর্ঘদেহী পেসারকে। নিজের ষষ্ঠ ওভার করার সময় বাইরে যাওয়ার পর আর বলই করেননি। ভারতীয় দলের একজন মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ইশান্তের কোনো চোট নেই। অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট সিরিজ জিততে না পারা ভারত আগামী সোমবার থেকে একই প্রতিপক্ষের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, মেলবোর্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩২ঘ.